ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

১৩ বছর আগেই জানা যাবে শরীরে ক্যান্সার বাসা বাঁধছে কি-না!

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৪, ১৩ অক্টোবর ২০২১
১৩ বছর আগেই জানা যাবে শরীরে ক্যান্সার বাসা বাঁধছে কি-না!
ক্যান্সার। ছবি: সংগৃহীত

ক্যান্সার এমন একটি রোগ যা যেকোনো সময় শরীরে বাসা বাঁধতে পারে। যদিও প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের কোনো লক্ষণ শরীরে দেখা দেয় না। তবে ধীরে ধীরে তা মারাত্মক হতে থাকে।

এদিকে গবেষকদের দাবি, ক্যান্সারে আক্রান্ত হওয়ার ১৩ বছর আগেই বিশেষ একটি পরীক্ষায় তা বলে দেওয়া সম্ভব! আগাম এ পরীক্ষার সাফল্যের হার শতভাগ।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল গবেষক এমনটাই দাবি করেছেন। সম্প্রতি তাদের গবেষণাপত্রটি অনলাইন জার্নাল ইবায়োমেডিসিনে প্রকাশিত হয়েছে।

Advertisement

গবেষকরা জানিয়েছেন, তারা প্রায় ১৩ বছর ধরে ৭৯২ জন মানুষের ওপর এ গবেষণা চালিয়েছেন। তাদের মধ্যে ১৩৫ জন পরবর্তীতে কোনো না কোনো ক্যান্সারে আক্রান্ত হন।

প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রতিটি ক্রোমোজমের শেষপ্রান্তে টুপির মতো একটি অংশ রয়েছে। সেটি ডিএনএ-কে সুরক্ষিত রাখে। পরীক্ষায় দেখা গেছে, শরীরে ক্যান্সার বাসা বাঁধার অনেক আগে থেকেই ক্রোমোজমের সেই টুপি ক্রমশ জরাজীর্ণ চেহারা ধারণ করে। এ টুপিকে গবেষকরা বলছেন ‘টেলোমিয়ারস’।

ক্যান্সার হওয়ার আগে থেকেই টেলোমিয়ার স্বাভাবিক অবস্থায় যতটা ক্ষুদ্র, তার থেকেও ক্ষুদ্রতর হতে থাকে। আক্রান্ত হওয়ার চার বছর আগে সেটি আর সংকুচিত হয় না। বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই গবেষকরা জিনের এ পরিবর্তনে মিল খুঁজে পেয়েছেন।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ড. লিফাং হউ বলেন, টেলোমিয়ারস ধরণটা বুঝতে পারলেই আমরা ক্যান্সারের পূর্বধারণা করার পথে অনেকটা এগিয়ে যাব। এ দুটির মধ্যে খুব গভীর সম্পর্ক রয়েছে। সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে পারলে ক্যান্সারের আরো নানান ধরণ সম্পর্কে অনেক বিশদ ধারণা পাওয়া যাবে।

এদিকে, এ গবেষণা ক্যান্সার চিকিৎসার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তারা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, রোগী যখন হাসপাতালে আসেন, তখন সারা শরীরে ক্যান্সার ডালপালা বিস্তার করে ফেলেছে। তখন রোগীকে সুস্থ করে তুলতে যথেষ্ট বেগ পোহাতে হয়। তবে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে এটি দ্রুত চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!