অ্যাপল বলছে, সফটওয়্যার বাগের ফলে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড বা অ্যাপল ওয়াচের যেকোনো জায়গায় রাখা গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। ডিভাইসের অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ দখল করতে পারবে হ্যাকাররা। অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ নেয়ার পর তারা নিজেদের কোডও জুড়ে দিতে পারবে।
তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের আক্রান্ত ডিভাইসগুলো আপডেট করার পরামর্শ দিয়েছেন। যার মধ্যে রয়েছে- আইফোন ৬এস এবং এর পরবর্তী মডেলগুলো, আইপ্যাডের পঞ্চম প্রজন্মসহ বেশ কয়েকটি মডেল, যেখানে রয়েছে সমস্ত আইপ্যাড প্রো মডেল এবং আইপ্যাড এয়ার ২ এবং ম্যাকওএস মনটেরেতে চালিত ম্যাক কম্পিউটারগুলো। এই ত্রুটি কিছু আইপড মডেলকেও আক্রান্ত করতে পারে।
.png)
অ্যাপল সফটওয়্যার আপডেটের বার্তায় জানিয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সফটওয়্যারে একটি সমস্যা দেখা গেছে। তার ফলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে।
ক্রেতাদের অ্যাপল ডিভাইস আপডেট করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, তবে এই সতর্কবার্তা পেয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ভয় না পেয়ে শুধু সফটওয়্যার আপডেট করে নিলেই হবে।
এক গবেষক বলেন, সারা বিশ্বে কোটি কোটি ফোন-আইপ্যাড ব্যবহার করা হচ্ছে। এমন নয় যে সবগুলোই সমস্যা দেখা দিচ্ছে। শুধু সাবধান থাকতে একবার সফটওয়্যার আপডেট করে নিতে হবে। তা হলেই আর সমস্যা থাকবে না।
তবে এটি তথ্য সুরক্ষার বিষয়। তাই সফটওয়্যার আপডেট করায় গাফিলতি না দেখানোই ভাল।