ভারতে স্টারলিংক চালু, অপেক্ষা শুধু অনুমতির
ভারতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর প্রায় সব প্রস্তুতি শেষ করেছে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক। দেশটিতে বাণিজ্যিকভাবে সেবা চালুর জন্য এখন শুধু সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।
এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্টারলিংক বিজনেস অপারেশনের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেইয়ার জানিয়েছেন, ভারতীয় বাজারে প্রবেশের জন্য প্রায় পাঁচ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে স্টারলিংক। দেশটির নিরাপত্তা ও নীতিমালা বিবেচনায় নিয়ে এরই মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে।
ভারতে স্টারলিংকের ২০টি গেটওয়ে সাইট স্থাপনের পাশাপাশি শত শত অ্যান্টেনা বসানোর কাজ এগিয়েছে। স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামোও প্রস্তুত বলে জানিয়েছেন ড্রেইয়ার।
ভারতের বাজারে প্রবেশের লক্ষ্যে দেশটির দুই বড় টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেল ও জিওর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করেছে স্টারলিংক। এর ফলে স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণে সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।
স্টারলিংক জানিয়েছে, ভারতে সেবা চালু হলে গ্রাহকদের তথ্য দেশটির ভেতরেই সংরক্ষণ করা হবে। অর্থাৎ ভারতীয় ব্যবহারকারীদের তথ্য দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির।
ড্রেইয়ার বলেন, ভারতের সঙ্গে কাজ করার জন্য স্টারলিংক পুরোপুরি প্রস্তুত। সরকারের অনুমোদন পেলেই বাণিজ্যিক সেবা চালুর পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে প্রতিষ্ঠানটি।
এদিকে ভারতের মহাকাশ খাতেও যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের। এর আগে স্পেসএক্সের মহাকাশযানে ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনার মিশনেও সহযোগিতা করা হয়েছিল।
স্টারলিংকের পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের যেসব অঞ্চলে প্রচলিত ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো কঠিন, সেসব এলাকায় স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ বাড়তে পারে। তবে দেশটিতে বাণিজ্যিক সেবা শুরুর বিষয়টি এখনো সরকারি অনুমোদনের ওপর নির্ভর করছে।