ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

প্রিয়শপে এআইভিত্তিক বাংলা ভয়েস অর্ডার চালু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ৪ অক্টোবর ২০২৬
প্রিয়শপে এআইভিত্তিক বাংলা ভয়েস অর্ডার চালু
ছবি সংগৃহীত

দেশের ক্ষুদ্র ও মাঝারি খুচরা ব্যবসায়ীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত বাংলা ভয়েস অর্ডারিং সুবিধা চালু করেছে রিটেইল প্রযুক্তি ও পণ্য বিতরণ প্ল্যাটফর্ম প্রিয়শপ। প্রতিষ্ঠানটির দাবি দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এটিই প্রথম বাংলা ভাষাভিত্তিক ভয়েস অর্ডারিং ব্যবস্থা।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে প্রিয়শপের সঙ্গে যুক্ত দোকানিরা লিখে নয়, স্বাভাবিকভাবে বাংলায় কথা বলেই পণ্যের অর্ডার দিতে পারবেন। দোকানি কোন পণ্য কত পরিমাণে চান, তা মুখে বললেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কয়েক সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট পণ্য, পরিমাণ ও প্রয়োজনীয় অর্ডারের তথ্য শনাক্ত করতে পারবে।

Advertisement

প্রচলিত ইংরেজিনির্ভর ভয়েস ব্যবস্থার তুলনায় প্রিয়শপের প্রযুক্তিটির বিশেষত্ব হলো, এটি বাংলা ভাষা ও স্থানীয় ব্যবসায়িক পরিবেশ বিবেচনায় তৈরি করা হয়েছে। আঞ্চলিক উচ্চারণ, পণ্যের নাম, বাকিতে কেনাবেচার শর্ত এবং দোকানিদের দৈনন্দিন কথোপকথনের ধরন বোঝার সক্ষমতাও এতে রাখা হয়েছে।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, দেশের প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ীর বড় অংশ প্রযুক্তিতে খুব বেশি দক্ষ নন। তাই তাদের নিজস্ব ভাষা ও কণ্ঠের মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভয়েস অর্ডারিং সুবিধাটি তাদের বৃহত্তর প্রযুক্তিনির্ভর ব্যবসা ব্যবস্থার অংশ। ভবিষ্যতে অর্ডার গ্রহণের পাশাপাশি অর্থায়ন, পণ্য সরবরাহ ও তথ্য ব্যবস্থাপনাসহ খুচরা ব্যবসার বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!