ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

জীবনসঙ্গী পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ২১:৪২, ৬ জানুয়ারি ২০২২
জীবনসঙ্গী পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন
জীবনসঙ্গী পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন। ছবি : সংগৃহীত

মনের মতো জীবনসঙ্গী পেতে কত কিছুই না করতে হয়। ম্যারেজ মিডিয়া বা ডেটিং অ্যাপের সাহায্য নিয়েছেন অনেকেই। কিন্তু বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়ার চিন্তাটা নতুন এবং অবাক করার মতোই একটা ব্যাপার। যুক্তরাজ্যের বসবাসকারি মুহাম্মদ মালিক নামের এক ব্যক্তি করে বসেছেন এমন এক অদ্ভুত কাণ্ড। জীবনসঙ্গী পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।

নতুন বছরের শুরুতে রাস্তার পাশে ওই বিলবোর্ডটি অনেকেরই চোখ  আটকেছে। প্রথম দেখায় অনেকেই এটিকে স্রেফ মজা মনে করেছিলেন। তবে একটু চোখ বুলানোর পরই সবার ভুল ভাঙে। কারণ, নিচে ওই ব্যক্তি তার ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ করেছেন। বিলবোর্ডে তিনি লিখেছেন, ‘আমাকে অ্যারেঞ্জ ম্যারেজ থেকে বাঁচান।’

এ প্রসঙ্গে ওই ব্যক্তি তার ওয়েবসাইটে লিখেছেন, ‘আমি এখনও মনের মতো কোনো মেয়েকে পাইনি। তাই আমাকে বিলবোর্ড স্থাপন করতে হয়েছে।’

Advertisement

২৯ বছর বয়সী এই ব্যক্তি আরো লিখেছেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই ২০ বছর বয়সী মুসলিম নারী হতে হবে। যে দ্বীন মেনে চলার চেষ্টা করবে। সম্প্রদায় নিয়ে কোনো সমস্যা নেই। তবে যেহেতু আমি পাঞ্জাবি পরিবারে বড় হয়েছি, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে।’

আরো পড়ুন : স্ত্রীর নামে পোষা কুকুর, ক্ষোভে যা করলেন স্বামী

পাকিস্তানি বংশোদ্ভূত বাবা-মায়ের একমাত্র সন্তান মালিক। তাই স্ত্রীকে তার মা-বাবার দেখাশোনা করতে হবে। বিলবোর্ডে অ্যারেঞ্জ ম্যারেজ থেকে তাকে বাঁচাতে বললেও মোটেও এই প্রথার বিপক্ষে নন তিনি। তার দাবি, ‘প্রথমে নিজ থেকে কাউকে খুঁজে পেতে চাই। আমি মনে করি, এখনো অনেক দেশে অ্যারেঞ্জ ম্যারেজের প্রথা রয়েছে। শুধু তাই নয়, অনেক সমীক্ষায় দেখা গেছে— অ্যারেঞ্জ ম্যারেজের বহু উপকারও রয়েছে।’

পেশায় ব্যাংক কনসালটেন্ট ওই ব্যক্তি বিলবোর্ড স্থাপনের পর বেশ সাড়াও পেয়েছেন। শত শত মেসেজ পাচ্ছেন তিনি। কিন্তু সেগুলো দেখার সময় পাচ্ছেন না মুহাম্মদ মালিক।

বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ জন্য আমাকে আলাদা সময় বের করতে হবে। এ বিষয়ে এখনও কিছু ভাবিনি।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!