খেলার ছলে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করল ৪ বছরের শিশু
সড়কে গাড়ি থামিয়ে সামনের সিটে বসে বন্ধুর সাথে নেশা করছিলেন মা। আর পেছনে সিটে বসেছিল তার তিন সন্তান। মাদকাসক্ত ওই নারীর ৪ বছর বয়সী এক সন্তান সেসময় সিটের নিচ থেকে একটি বন্দুক পায়। আর খেলার ছলে সেই বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। নিহত শিশুর নাম জ্যারিয়ন ওয়াকার। জেফারসন প্যারিশ শেরিফ জোসেফ লোপিন্টো এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন>> ইউক্রেনে হামলা চালাতে ৭০ শতাংশ প্রস্তুত রাশিয়া: যুক্তরাষ্ট্র
.png)
এক সংবাদ সম্মেলনে লাপিন্টো জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জ্যারিয়ন নিজের মাথায় গুলি করে। শনিবার (২৯ জানুয়ারি) নিউ অরলেন্সের একটি আবাসিক এলাকায় এক ঘটনা ঘটে। গুলি করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তার। এ ঘটনায় ওই মা এবং তার বন্ধুর পরিচয় প্রকাশ করা হয়নি। এমনকি জ্যারিয়নের মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে শেরিফের অফিস কোনো মামলা করলে সরকারি কৌঁসুলিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
লাপিন্টো বলেন, শিশুর মা এবং তার বন্ধু আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তিনি বলেন, আমরা সবসময়ই মানুষের ওপর দোষ চাপাতে পারি। কিন্তু এখনই কাউকে গ্রেফতার করার সময় আসেনি। কেননা তারা একটি শিশু হারিয়েছে। আর এটা ইচ্ছাকৃত ছিল না।