সেই মা ও শিশু মারা গেছে
দেবরের অপবাদ সইতে না পারা শিশু ছেলের মুখে বিষ ঢেলে দেওয়া মা এবং শিশুকে বাঁচানো গেল না। যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তারা মারা যান।
মা সালেহা বেগম বৃহস্পতিবার তার পাঁচ বছরের শিশুছেলে হাসানুর রহমান বান্নার মুখে বিষ ঢেলে নিজেও বিষপান করেন। এ ঘটনা ঘটে যশোর সদর উপজেলার সাতমাইল তীরেরহাট গ্রামে। সালেহা ঐ গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। স্বজনরা তাদের প্রথমে যশোর ও পরে খুলনার হাসপাতালে ভর্তি করেন। আর্থিক সংকটে ফের যশোর সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
.png)
স্বজনরা জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে প্রতিবেশী হাফিজুর রহমানের ছেলে রনি ঐ গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় চেঁচামেচি করলে রনি ঘর থেকে পালিয়ে যায়। পরদিন বিষয়টি নিয়ে সালিশ হয়। সেখানে রনি অপরাধ স্বীকার করলে তাকে জরিমানা করা হয়। এ ঘটনার জের ধরে গৃহবধূকে তার দেবর মনিরুজ্জামান মনি কটূকথা বলেন।
এতে অভিমানে সালেহা বেগম বৃহস্পতিবার পাঁচ বছরের শিশুছেলে হাসানুর রহমান বান্নাকে ঘাস মারার বিষ খাওয়ায়ে নিজেও পান করেন। পরিবারের সদস্যরা বুঝতে পারলে দ্রুত মা ও ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. ওবাইদুল কাদির উজ্জ্বল শিশু ও গৃহবধূর অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপর সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় স্বজনরা তাদের ফের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার তারা মারা যায়।