ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ৮ মার্চ ২০২২
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ৬২
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে বন্দুকধারীদের অতর্কিত হামলায় একটি স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ সদস্য নিহত হয়েছে। মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা এটি। দলটির প্রধান ও পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যম রয়টার্সকে এ হামলার তথ্য নিশ্চিত করেছেন।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীগুলো উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে জঙ্গি ও ডাকাতদের বিরুদ্ধে অভিযানরত থাকায় স্বেচ্ছাসেবী পাহারাদারদের বিভিন্ন দল গ্রাম ও শহরগুলোর নিরাপত্তায় সহায়তা করে। এ ধরনের একটি দলের বিরুদ্ধেই হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

কেবির ‘ইয়ান সা কাই’ পাহারাদার দলের প্রধান উসমান সানি রয়টার্সকে জানিয়েছেন, তাদের দলটি রোববার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারও মাধ্যমে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়।

Advertisement

তিনি আরো বলেছেন, ওরা নিজেদের মোটরসাইকেলগুলো ঝোপের মধ্যে লুকিয়ে রেখে চোরাগোপ্তা হামলার প্রস্তুতি নেয়, তারপর আমাদের ঘিরে ফেলে বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে শুরু করে। এ হামলায় আমাদের দলের ৬২ জন নিহত হয়।

আরো পড়ুন: শর্ত মেনে নিলে ‘মুহূর্তের মধ্যে’ হামলা বন্ধ করবে রাশিয়া

কেবি পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর অতর্কিত ওই হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, কতজন নিহত হয়েছে তার বিস্তারিত তথ্য তার কাছে নেই।

উল্লেখ্য, জানুয়ারির প্রথমদিকে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল। বন্দুকধারীরা মুক্তিপণের জন্য শত শত স্কুল শিক্ষার্থী ও গ্রামবাসীকে অপহরণ করে নাইজেরিয়ার পুরো উত্তরপশ্চিমাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তর ও উত্তরপশ্চিমাঞ্চলে বিরাজমান দারিদ্রতা সঙ্গে সহিংসতার সমস্যা যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!