ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ১৯ এপ্রিল ২০২২
গাজায় ইসরায়েলি বিমান হামলা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে ইসরায়েলের ভেতরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগে মঙ্গলবার ভোরে বিমান হামলা চালায় ইহুদি এই দেশটি।

প্রত্যক্ষদর্শী ও গাজার ক্ষমতাসীন দলের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাজা উপত্যাকার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। অন্যদিকে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি বিমানগুলোতে গুলি করেছে।

Advertisement

এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, গাজার খালি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। তিনি বলেন, আমাদের প্রতিরোধ যোদ্ধাদের অভিনন্দন। এসব যোদ্ধা আমাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়েই ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করেছে।

আরো পড়ুন:  শাহবাজের মন্ত্রিসভার শপথ আজ

সংবাদমাধ্যম এএফপি বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভেতরে একটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটলে ইসরায়েল তা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে। এর কিছুক্ষণ পরই গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।

গাজার প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলো বলছে, মঙ্গলবার ভোরে চালানো ইসরায়েলের ওই হামলায় আহতের কোনো ঘটনা ঘটেনি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রকেট হামলার প্রতিক্রিয়ায়, ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান গাজা উপত্যকায় হামাসের অস্ত্র তৈরির স্থাপনায় হামলা করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!