রোববার (৮মে) লুহান্সকের গভর্নর সেরহি গিদাই জানান, এরইমধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধ্বংসস্তুপের নিচে আরো অন্তত ৬০ জন চাপা পড়ে আছেন, যাদের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্কুলটিতে প্রায় ৯০ জন গ্রামবাসী আশ্রয় নিয়েছিলেন।
গভর্নর বলেন, শনিবার বিকালে রুশ বাহিনী ওই স্কুলটির উপর একটি বোমা ফেলে। যেখানে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। বোমা হামলার কারণে পুরো ভবনে আগুন লেগে যায়।
.png)
টেলিগ্রামে একটি ম্যাসেজিং অ্যাপে তিনি আরো লেখেন, ‘‘প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর ধ্বংসস্তুপ সরার কাজ শুরু হয়। দুর্ভাগ্যজনকভাবে সেখানে দু্ইজনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।
‘‘৩০ জনকে ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে সাতজন আহত হয়েছেন। ভবনের ধ্বংসস্তুপের নিচে সম্ভবত ৬০ জন মরে পড়ে আছে।”
বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে তার এ দাবি যাচাই করতে পারেনি।
রাশিয়া ইউক্রেনে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং বেসামরিক নাগরিকদের হত্যা করছে বলে বহুদিন ধরেই অভিযোগ করে আসছে ইউক্রেন সরকার ও পশ্চিম বিশ্ব। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছে। তবে তা অস্বীকার করেছে রাশিয়া।