হিউস্টনে আয়োজিত ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ)-এর একটি বৈঠকে ট্রাম্প বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনে বিলিয়ন ডলার পাঠাতে পারে, তাহলে নিজ দেশে শিশুদের নিরাপদে রাখতে আমাদের যে কোনো ব্যবস্থা নেয়ার সক্ষমতা রয়েছে।’
টেক্সাসের একটি স্কুলে এক কিশোরের গুলিতে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহতের তিন দিনের মাথায় এমন বক্তব্য দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
.png)
তিনি বলেন, ‘আমরা ইরাক ও আফগানিস্তানে ট্রিলিয়ন ডলার খরচ করেছি। কিন্তু সেখান থেকে কিছুই পাইনি। বিশ্বের অন্যান্য দেশে জাতি গঠনের পূর্বে আমাদের উচিত দেশে শিশুদের জন্য নিরাপদ স্কুল নিশ্চিত করা।’
চলতি মাসের শুরুর দিকে, ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। সবমিলিয়ে গত ফেব্রুয়ারিতে কিয়েভে মস্কোর অভিযানের পর থেকে এখন পর্যন্ত পূর্ব ইউরোপের দেশটিতে ৫৪ বিলিয়ন ডলার সহায়তা পাঠিয়েছে ওয়াশিংটন।
আরো পড়ুন>> গম, চিনির পর এবার চাল রফতানিতেও লাগাম টানতে যাচ্ছে ভারত
ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সম্মেলনে আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার বিরোধিতা করেন ট্রাম্প। তার মতে, ‘অশুভ’ শক্তির বিরুদ্ধে নিজেদের রক্ষায় সভ্য আমেরিকানদের আগ্নেয়াস্ত্রের অনুমতি দেওয়া প্রয়োজন।
স্কুলের নিরাপত্তা নিশ্চিতে প্রতি স্কুলে অন্তত একজন সশস্ত্র পুলিশ অফিসার রাখা এবং মেটাল ডিটেক্টরসহ কেবল একটি প্রবেশপথ রাখার প্রস্তাব করেন তিনি। তার ভাষায়, ‘অস্ত্র হাতে একজন মন্দ লোককে থামানোর একমাত্র পথ হচ্ছে, অস্ত্র হাতে একজন ভালো মানুষ।’
তিনি বলেন, অস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ না করে বন্দুকধারীদের মানসিক স্বাস্থ্যের ওপর নজর দেওয়া গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন>> স্ত্রীর হাতে নিয়মিত নির্যাতনের শিকার, আদালতের কাছে নিরাপত্তা চাইলেন স্বামী
নিজের বক্তব্যে টেক্সাসের ইউভালডের স্কুলে বন্দুক হামলায় নিহতদের নাম নেয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অশুভ শক্তির উপস্থিতির কারণে আইন মেনে চলা নাগরিকদের অস্ত্র ধারণ যৌক্তিক, তাদের নিরস্ত্র করা নয়।’
৫০ লাখ সদস্যের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বার্ষিক এই সভা অনুষ্ঠিত হচ্ছে টেক্সাসের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে। এতে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানে অংশ নেননি বেশ কয়েকজন বক্তা ও সঙ্গীতশিল্পী।
অনুষ্ঠানের ভেন্যুর বাইরে শত শত বিক্ষোভকারী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের হাতের ব্যানারে লেখা ছিল, এনআরএ শিশু হত্যা করে; শিশুদের রক্ষা কর, অস্ত্র নয়। বিক্ষোভকারীরা ক্রুশ এবং নিহত শিশুদের ছবিও প্রদর্শন করে।
সূত্র: বিবিসি