ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কঙ্গোয় কারাগারে সশস্ত্র হামলা, ৮০০ বন্দির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৪, ১১ আগস্ট ২০২২
কঙ্গোয় কারাগারে সশস্ত্র হামলা, ৮০০ বন্দির পলায়ন
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এক কারাগারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারাগারটি থেকে আট শতাধিক বন্দি পালিয়ে গেছে।

বুধবার (১০ আগস্ট) বুতেম্বো শহরের কেন্দ্রীয় কারাগারে চালানো এই হামলার জন্য স্থানীয় কর্তৃপক্ষ জঙ্গি গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ)-কে দায়ী করেছে।

এদিকে রাতভর চালানো হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক সেনা মুখপাত্র। কঙ্গোর উত্তর কিভু প্রদেশে জঙ্গি বিরোধী অভিযানের সেনা মুখপাত্র অ্যান্টনি মলুসায়ি জানান, হামলার সময়ে অগ্নিকাণ্ডে কারাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

সেনা মুখপাত্র অ্যান্টনি মলুসায়ি বলেন, ‘শত্রুরা ভারি অস্ত্রে সজ্জিত ছিল। তাদের সংখ্যা ছিল প্রায় আশি জন। তারা কারাগারে ঢুকে পড়তে সক্ষম হয় এবং সব বন্দিকে মুক্ত করে দেয়’। পরে কারাগারের পরিচালক ব্রুনেলে ন’কাসা জানান সেখানে থাকা ৮৭৪ বন্দির মধ্যে মাত্র ৫৮ জনকে পাওয়া গেছে।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, ক্ষতিগ্রস্ত ৩৯ বাড়ি

সেনা মুখপাত্র জানান এই হামলায় জঙ্গি গোষ্ঠী এডিএফ জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উগান্ডার এই সশস্ত্র গ্রুপটি ১৯৯০ এর দশক থেকে পূর্ব কঙ্গোতে সক্রিয়। আইএস সংশ্লিষ্ট এই গ্রুপটি বেশ কয়েকটি হামলার সঙ্গে যুক্ত।

বন্দিদের ফের গ্রেফতার করতে সহায়তা দিতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন বুতেম্বো শহরের মেয়র মোয়া বায়েকি-তেলি। তিনি বলেন, ‘যদি পলাতক পেয়ে থাকেন তবে তাকে পুড়িয়ে ফেলা উচিত নয় - তাকে হত্যা করবেন না ... তাকে এখানে আমাদের কাছে নিয়ে আসুন যাতে আমরা তাকে কারাগারে ফিরিয়ে দিতে পারি’।

কঙ্গোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। ২০২০ সালে এডিএফ অন্য এক কারাগারে হামলা চালিয়ে প্রায় ১,৩০০ বন্দিকে পালিয়ে যেতে দেয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!