ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খরা মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ১৮ আগস্ট ২০২২
খরা মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে চীন
ছবি: সংগৃহীত

রেকর্ড তাপমাত্রা এবং তীব্র খরার কবলে পুড়ছে চীনের মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। এই খরা মোকাবিলায় বৃষ্টি নামানোর চেষ্টা করছে চীনের কর্তৃপক্ষ।

এশিয়ার দীর্ঘতম জলপথ ইয়াংজি নদীর পানি এখন নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে। নদীর কিছু অংশে স্বাভাবিকের চেয়ে অর্ধেকেরও কম বৃষ্টিপাত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, জলবিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারগুলোতে পানির স্তর বর্তমানে অর্ধেকের চেয়ে কমে গেছে। আর এই সময়ে এয়ার কন্ডিশনার সচল রাখতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ কোম্পানিগুলো মারাত্মক চাপে পড়েছে।

Advertisement

চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র জানিয়েছে, দেশটিতে দীর্ঘ দুই মাস ধরে তাপদাহ চলছে। এটি চীনের সবচেয়ে দীর্ঘ তাপদাহ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়াংজি নদীর আশপাশের খরায় আক্রান্ত প্রদেশগুলো বৃষ্টিপাতের ঘাটতি মোকাবেলা ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করছে। হুবেইসহ কিছু সংখ্যক প্রদেশে রকেটের মাধ্যমে আকাশে রাসায়নিক পদার্থ ছিটানো হচ্ছে।

ক্লাউড সিডিংয়ের মাধ্যমে মূলত আকাশে বৃষ্টির জন্য উপযুক্ত না হওয়া মেঘের উপরে ড্রাই আইস বা সিলভার আয়োডাইডের মত রাসায়নিক বিমান বা রকেটের মাধ্যমে ছিটানো হয়। এরপর মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে ঝরে।

কিন্তু চীনে তাপদাহের মধ্যে কিছু এলাকায় মেঘের ছিটেফোঁটাও নেই। ফলে সেসব এলাকায় কৃত্রিম বৃষ্টিও ঝরানো যাচ্ছে না।

সিচুয়ান ডেইলির বরাতে রয়টার্স জানিয়েছে, সিচুয়ান ও প্রতিবেশী প্রদেশগুলোতে ইতোমধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলিসিয়াস অতিক্রম করেছে।

কিন্তু বিদ্যুৎ সঙ্কটে সিচুয়ান কর্তৃপক্ষ শীতাতপ নিয়ন্ত্রণের মাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার আহ্বান জানিয়েছে। সম্ভব হলে শ্রমিকদের লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করতে বলা হয়েছে। বিদ্যুৎ সংকটে লাখ লাখ মানুষকে অন্ধকারে থাকতে হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, চীনের দাঝো শহরটিতে ৫৪ লাখ মানুষের বাস, যাদের তিনঘণ্টা পর্যন্ত লোড শেডিংয়ে থাকতে হচ্ছে।

তাপদাহের এলাকায় জলবিদ্যুত প্রকল্পগুলোর অর্ধেক এখন পানি নেমে যাওয়ায় উৎপাদনে যেতে পারছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!