ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তীব্র দাবদাহ, চীনে জাতীয় খরা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ২০ আগস্ট ২০২২
তীব্র দাবদাহ, চীনে জাতীয় খরা সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছর প্রথমবারের মতো জাতীয় খরা সতর্কতা জারি করেছে চীন। কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশ থেকে ইয়াংসি নদীর অববাহিকার সাংহাই পর্যন্ত তীব্র গরম অনুভূত হওয়ার পর বৃহস্পতিবার রাতে জাতীয় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আবহাওয়ার এ বিরূপ পরিস্থিতির জন্য দেশটির সরকারি কর্মকর্তারা বারবার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করে আসছেন। বেইজিংয়ের স্কেল অনুযায়ী সতর্কতার এ মাত্রা তৃতীয় ধাপের।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা শিনহুয়া জানায়, মধ্য চীনের ইয়াংশি প্রদেশে ইয়াংসি নদীর গুরুত্বপূর্ণ বন্যা অববাহিকা পোইয়াং হ্রদ খরার কারণে বছরের এই সময়ে স্বাভাবিক আকারের চেয়ে হ্রাস পেয়ে এখন এক চতুর্থাংশ হয়ে গেছে।

Advertisement

শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানায়, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংশিংয়ের ৩৪টি কাউন্টিজুড়ে বয়ে যাওয়া ৬৬টির মতো নদী শুকিয়ে গেছে।

চলতি বছর চংশিংয়ে স্বাভাবিকের চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে এবং বেশ কয়েকটি জেলায় মাটির আর্দ্রতা মারাত্মভাবে হ্রাস পেয়েছে বলে স্থানীয় সরকারের তথ্য উদ্ধৃত করে জানিয়েছে সিসিটিভি।

আরো পড়ুন>> ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিলেন পুতিন

চীনের আবহাওয়া ব্যুরোর তথ্য অনুযায়ী, চংশিংয়ের নগর কেন্দ্রের উত্তরের বেইবেই জেলায় বৃহস্পতিবার ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শুক্রবার সকালে দেশটির সবচেয়ে উষ্ণতম ১০টি এলাকার মধ্যে ছয়টিই চংশিংয়ে ছিল। অঞ্চলটির বিশান জেলার তাপমাত্রা ইতোমধ্যে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে।

সাংহাই শহরের তাপমাত্রা ইতোমধ্যেই ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে।

চংশিং অঞ্চলের পার্বত্য এলাকায় ও বনগুলোতে দাবানল দেখা দেওয়ায় দমকলকর্মীরা উচ্চ সতর্ক অবস্থায় আছেন। অঞ্চলটিতে হিটস্ট্রোকের সংখ্যাও বেড়ে গেছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

ক্ষতির শঙ্কার মধ্যে থাকা ফসল রক্ষার জন্য চংশিং কৃষি ব্যুরো বিশেষজ্ঞদের টিম গঠন করেছে এবং শরতে ফসল কাটার আগে ক্ষতি পূরণের জন্য রোপণ সম্প্রসারিত করেছে।

আরো পড়ুন>> সোমালিয়ার হোটেলে আল-শাবাবের হামলা, জিম্মি অনেকে

চীনের পানি সম্পদ মন্ত্রণালয় খরা কবলিত কৃষি অঞ্চলগুলোতে পালা করে কে কখন পানি সরবরাহ পাবে তা নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার রাতে চীনের জরুরি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু জুলাইয়ে উচ্চ তাপমাত্রার জন্য ৪০ কোটি ডলারের প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি এবং ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা, ২৬ অগাস্ট থেকে চলতি দাবদাহ হ্রাস পাওয়া শুরু হতে পারে।

চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির ৪৫ বর্গকিলোমিটার এলাকা গত মাসে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও তার বেশি তাপমাত্রার অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছে; এটি দেশটির মোট আয়তনের প্রায় অর্ধেক।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!