ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জি-২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৪, ১৮ অক্টোবর ২০২২
জি-২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি ইউক্রেনের
মাইখাইলো পোডোলিয়াক - ফাইল ছবি

বিশ্বের শিল্পোন্নত ২০ দেশের জোট ‘জি-২০’ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি তুলেছে ইউক্রেন।

সোমবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে এমন দাবি তুলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। কিয়েভসহ বিভিন্ন শহরে নতুন করে রাশিয়ার ড্রোন হামলা শুরুর পর এমন দাবি তুলেছেন তিনি।

জি-২০ জোটের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও রাশিয়াকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন মাইখাইলো পোডোলিয়াক।

Advertisement

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রোববার রাতেও বন্দরনগরী মাইকোলাইভে একটি সূর্যমুখী তেলের টার্মিনালে ড্রোন হামলা চালানো হয়।

আরো পড়ুন>> বুকার পুরস্কার পেলেন শ্রীলংকার লেখক

শহরের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানিয়েছেন, গভীর রাতে একটি টার্মিনালে থাকা সূর্যমুখী তেলের ট্যাংকে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। মোট তিনটি ড্রোন এই হামলায় অংশ নিয়েছে। এ সময়ে সূর্যমুখী তেলের ট্যাংকগুলোতে আগুন ধরে যায়।

আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষের প্রকাশিত ছবিতে বিশাল ট্যাংক থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়।

সোমবার ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে কিয়েভেও সিরিজ হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় সময় সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অন্তত চার দফায় এই হামলা চালানো হয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!