গুজরাটে সেতু ধস, নদীর তীরে নিহতদের আত্মীয়স্বজনদের আর্তনাদ
ভারতের গুজরাট রাজ্যের মোরবিতে মোচ্ছু নদীর ওপর নির্মিত ঝুলন্ত সেতু ধসে অন্তত ১৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত কয়েক’শ লোক। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
দুর্ঘটনায় হারানো স্বজনের খোঁজে মোচ্ছু নদীর তীরে এখন কান্নার ঢেউ। কেউ খুঁজছেন তার না পাওয়া স্বজনকে, কেউ কাঁদছেন স্বজন হারানোর বেদনায়।
এক তরুণ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে জানিয়েছেন এই দুর্ঘটনায় তিনি বেঁচে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন তার বোন।
.png)
তিনি বলেন, ‘আমরা সেতুটিতে দাঁড়িয়েছিলাম। সেখানে আরও শত শত মানুষ ছিল।’ ‘আমি প্রথমবারের মতো এই সেতুতে গিয়েছিলাম, আমার বোন ও আমি ফোনে ছবি তুলছিলাম, হঠাৎ করেই সেতুটি ভেঙে পড়ে।’
তিনি আরো বলেন, ‘আমি আর আমার বোন পানিতে পড়ে যাই। আমি বেঁচে গেলেও এখনও আমার বোন নিখোঁজ।’
আরো পড়ুন>> ইউক্রেনের বড় শহরগুলোতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
এখনও তিনি তার বোনকে খুঁজে চলছেন। জানালেন, ‘আমি সরকারি হাসপাতালে গিয়েছি, সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও আমার বোনকে পাইনি।’
জয়েশভাই নামের আরেকজন খুঁজছেন তার হারানো বন্ধু রাজেশকে। তিনি জানান এখনও তার বন্ধুকে খুঁজে পাওয়া যায়নি।
জয়েশভাই জানান, ‘আমি তার খোঁজে হাসপাতালে গিয়েছি। আমি কর্মকর্তাদের কাছে সাহায্য চেয়েছি কিন্তু একজন ছাড়া কেউ কোনো সাড়া দেয়নি।’ ‘আমি আসলে কোথাও থেকে সঠিক উত্তর পাইনি।’
এই অবস্থায় দুঃশ্চিন্তায় দিন কাটছে রাজেশের পরিবারের।