গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত অন্তত ২৫
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রোববার (৬ নভেম্বর) দেশটির রাজধানী কোনাক্রির প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে গিনির চতুর্থ বৃহত্তম নগরী কিন্দিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, বাসটি কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফরানাহতে যাচ্ছিল। যাত্রাপথে বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
.png)
সরকার জানায়, এ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত ও আরো অনেক মানুষ আহত হয়েছে।
আরো পড়ুন>> ইমরান খানকে হত্যাচেষ্টার মামলা নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
স্থানীয় সরকারি কর্মকর্তা কবিনেত ককা এএফপি’কে বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। তিনি বলেন, বাসটি অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে ওই ট্রাকের সাথে ধাক্কা খায়।
ফরাসি সৈন্য বাহিনীর লে: ফৌলি সুমাহ জানান, লাশগুলো ‘কোনোমতে সনাক্ত করা গেছে।’
দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং লক্কড়-ঝক্কড় যানবাহন বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। দেশটিতে গত সেপ্টেম্বরে বাস দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারায়।
সূত্র: ক্যানবেরা টাইমস