ইউক্রেনের তীব্র হামলা, ৬০ রুশ সেনা নিহত
সপ্তাহব্যাপী ইউক্রেনের তীব্র হামলার মুখে পড়েছে রুশ সেনারা। কিয়েভ বাহিনীর দূরপাল্লার গোলাবর্ষণে প্রায় ৬০ জনর রুশ সেনা নিহত হয়েছেন। গত চারদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো একক কোনো ঘটনায় বড় হতাহতের দাবি করলো কিয়েভ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রুশ সেনাদের প্রাণহানির এ তথ্য জানান।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, গত বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণে মিখাইলকভা শহরে গোলাবর্ষণ করলে রুশ সেনাদের প্রাণহানির এ ঘটনা ঘটে।
.png)
চলতি মাসের শুরুতে খরসন শহর পরিত্যাগ করেছিল রাশিয়ার সামরিক বাহিনী।
এর বেশি বিস্তারিত আর কোনো তথ্যসামনে আনেননি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। রয়টার্সও স্বাধীনভাবে ইউক্রেনের সেনাবাহিনীর হতাহতের এ পরিসংখ্যান যাচাই করতে পারেনি।
এর আগে, বুধবার ইউক্রেন দাবি করেছিল, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের ৭০ কিলোমিটার ভেতরে ডেনেজনিকোভ গ্রামে গোলাবর্ষণে প্রায় ৫০ জন রুশ সেনা নিহত বা আহত হন।
এদিকে, ইউক্রেনকে ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উন্নত রকেট সিস্টেম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।