রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমছে: জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইউক্রেনে চলমান সংঘাতে রাশিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমছে। শুধু পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে বলে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দেওয়ার পর এ মন্তব্য করলেন তিনি।
জার্মান চ্যান্সেলর বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রেডলাইন উল্লেখ করে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া বন্ধ করেছে রাশিয়া।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর বলেন, তার সাম্প্রতিক চীন সফর পারমাণবিক উত্তেজনার হুমকি বন্ধে অবদান রেখেছে।
.png)
শলৎস বলেন, তিনি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পরমাণু অস্ত্র ব্যবহার না করার পক্ষে সম্মত হন। পরে জি-২০ দেশগুলো এ অবস্থানকে সমর্থন করে।
অবশ্য পুতিনের মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, আমরা মনে করি পরমাণু অস্ত্র নিয়ে আলগা কথাবার্তা সর্ম্পূণ দায়িত্বজ্ঞানহীন।
বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দেন, ইউক্রেনে হয়তো দীর্ঘ দিন লড়াই করবে রুশ সেনারা। তিনি আরো বলেন, পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে। কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না। আমরা পাগল হয়ে যাইনি, আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। আমাদের এ অস্ত্র অপর পারমাণবিক দেশের তুলনায় অনেক অত্যাধুনিক। আমরা এ অস্ত্রকে বিশ্বের ঘাড়ে ছুরি হিসেবে ঘুরাবো না।