ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
সিরিয়ায় ভূমিকম্প

ধ্বংসস্তূপে জন্ম নেয়া ‘মিরাকল বেবি’কে পেতে হাজারো আবেদন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৩
ধ্বংসস্তূপে জন্ম নেয়া ‘মিরাকল বেবি’কে পেতে হাজারো আবেদন
ভূমিকম্পের ধ্বংসস্তুপে জন্ম নেয়া শিশু আয়া- ছবি: সংগৃহীত

সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে বাবা, মা, ভাই-বোন সবাই মারা গেছে। তবে এখনো বেঁচে আছে ধ্বংসস্তূপের মধ্যে জন্ম নেয়া শিশু। সব হারিয়ে বেঁচে ফেরা এই ‘মিরাকল বেবি’কে দত্তক নিতে আবেদন জানাচ্ছে হাজারো মানুষ।

বর্তমানে শিশুটিকে হাসপাতালে রাখা হয়েছে। তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। শিশুটির নাম রাখা হয়েছে আয়া। যার অর্থ অলৌকিক।

আয়াকে চিকিৎসা দিচ্ছেন হানি মারুফ নামের একজন শিশু রোগ বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘আয়াকে সোমবার আনা হয়। তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। তার শরীরে অসংখ্য ক্ষত ছিল। তার শরীর ঠাণ্ডা এবং শ্বাসকষ্ট ছিল। কিন্তু তার অবস্থা এখন স্থিতিশীল।’

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশু আয়াকে উদ্ধার করে নিয়ে দৌড় দিচ্ছেন এক ব্যক্তি। তখন শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না।

‘মিরাকল বেবি’ আয়া যে হাসপাতালে ভর্তি আছে সেই হাসপাতালের ব্যবস্থাপক ডা. খালিদ আত্তিয়া জানিয়েছেন, তাদের সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন। কিন্তু তিনি বলেছেন, ‘আমি কাউকে এখন আয়াকে দত্তক নিতে দেব না, যতক্ষণ পর্যন্ত তার আত্মীয়রা না আসছে। আমি এখন তাকে নিজ সন্তানের মতো চিকিৎসা দিচ্ছি।’

ডা. খালিদ আত্তিয়া জানিয়েছেন, তার নিজের একটি চার মাস বয়সী সন্তান রয়েছে। সন্তানের সঙ্গে আয়াকেও দুগ্ধপান করাচ্ছেন তার স্ত্রী।

এদিকে আয়াকে উদ্ধার করা হয় আলেপ্পোর জিন্দারিস শহর থেকে। ঐ শহরে এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!