ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

১৫ বছর পলাতক ছিলেন জাদেজা, কাল হলো সোনায় বাঁধানো দাঁত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩
১৫ বছর পলাতক ছিলেন জাদেজা, কাল হলো সোনায় বাঁধানো দাঁত
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে আর্থিক প্রতারণা মামলায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন আশুবা জাদেজা নামের এক ভারতীয় নাগরিক। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আশুবা জাদেজা কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। কর্মরত অবস্থায় দোকানের মালিক তাকে অন্য এক ব্যবসায়ীর থেকে পাওনা ৪০ হাজার টাকা নিতে বলেন। সেই টাকা হাতে পেয়ে তিনি আত্মসাৎ করেন। এ ঘটনায় দোকানের মালিক তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এরপর থেকে তার সন্ধানে নামে পুলিশ।

এদিকে গ্রেফতার এড়াতে রিচয় পরিবর্তন করে ঘুরে বেড়াতেন অভিযুক্ত জাদেজা। কিন্তু শেষরক্ষা হয়নি।  তার সোনায় বাঁধানো দুটি দাঁত দেখেই চিনে ফেলে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত আশুবা জাদেজা মুম্বাই ছেড়ে গুজরাটের কচ্ছ এলাকায় আশ্রয় নিয়েছিলেন। তিনি পুলিশকে নানাভাবে হয়রানি করেছেন। পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করতেন। এর আগেও তিনি একবার ধরা পড়েছিলেন, কিন্তু কোর্টে উপস্থিত হতেন না। এরপর থেকেই তার সন্ধানে নামে পুলিশ।

আশুবা জাদেজার খোঁজে একাধিক অভিযান চালিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত অভিযুক্তের এক সঙ্গীর খোঁজ পায়। সেই সঙ্গীর দেওয়া তথ্যমতে তার সন্ধান মেলে। এরপর অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে পুলিশ। তাকে মুম্বাই ডেকে আনা হয়। পরে সোনার দাঁত দেখেই তাকে গ্রেফতার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!