ভূমিকম্পে বেঁচে যাওয়া শিশুর কানে আজান দিয়ে নাম রাখলেন এরদোগান
ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া এক শিশুর কানে আজান দিয়ে তার নাম রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ইস্তাম্বুল শহরের একটি হাসপাতাল পরিদর্শনকালে নবজাতকটির নাম রাখেন তিনি।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ভূমিকম্পে উদ্ধার হওয়াদের দেখতে ইস্তাম্বুল শহরের বাসাকশের কাম অ্যান্ড সাকুরা সিটি হসপিটাল পরিদর্শন করেন প্রেসিডেন্ট এরদোগান। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানও। এ সময় মেয়ে নবজাতকটির কানে এরদোগান আজান দেন এবং তার মায়ের অনুরোধে নামও রাখেন। তুর্কি নেতা নবজাতকটির নাম রাখেন ‘আয়েশা বেতুল’। নামটি তিনি তিনবার উচ্চারণ করেন।
.png)
হাসপাতাল পরিদর্শনের সময় এরদোগান আহত সকলের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আরো পড়ুন>> মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নিকি হ্যালির
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় ১০ প্রদেশে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে আহত ও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়াদের চিকিৎসা চলছে রাজধানীর আঙ্কারা ও ইস্তাম্বুলসহ দেশটির বিভিন্ন শহরে।
শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে সাড়ে ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।
তুরস্ক ছাড়াও প্রতিবেশী সিরিয়াতে আঘাত হেনেছে বিধ্বংসী এ ভূমিকম্প। এতে দেশটিতে ৫ হাজার ৮০০’রও বেশি মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘ বলেছে, ভয়ঙ্কর এই ভূমিকম্পে দুই দেশ মিলে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হতে পারে।