ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আল-কায়েদার নতুন প্রধান কে এই সাইফ আল-আদেল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
আল-কায়েদার নতুন প্রধান কে এই সাইফ আল-আদেল
সাইফ আল-আদেল - ফাইল ছবি

জঙ্গি সংগঠন আল-কায়েদার নতুন প্রধান হয়েছেন মিশরের একটি বিশেষ বাহিনীর সাবেক কর্মকর্তা সাইফ আল-আদেল।

বুধবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্য দিয়ে গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত আয়মান আল-জাওয়াহিরির স্থলাভিষিক্ত হলেন তিনি।

Advertisement

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের পর্যবেক্ষণও জাতিসংঘের সঙ্গে মিলে যায়। ধারণা করা হচ্ছে, সাইফ আল-আদেল আল-কায়েদার নতুন প্রধান হয়েছেন। তিনি ইরানে অবস্থান করছেন।’

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকেও এক প্রতিবেদনে ৬২ বছর বয়সী সাইফ আল-আদেলের আল-কায়েদার প্রধান হওয়ার খবর জানানো হয়। তবে আল-কায়েদার পক্ষ থেকে তাদের নতুন প্রধান বা আমির নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আরো পড়ুন>> আকস্মিক পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন গোপন অভিযানে নিহত হন জাওয়াহিরি। যুক্তরাষ্ট্রের দাবি, জাওয়াহিরি দীর্ঘদিন ধরে কাবুলে লুকিয়ে ছিলেন। এর মধ্য দিয়ে ওসামা বিন লাদেনের এই উত্তরসূরিকে ধরতে যুক্তরাষ্ট্রের ২১ বছরের প্রচেষ্টার সমাপ্তি ঘটে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজমের (আইসিসিটি) মতে, সামরিক বাহিনীতে কাজ করার সুবাদে মিসরীয় বংশোদ্ভূত সাইফ আল-আদেলের অভিযানসংক্রান্ত পরিকল্পনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। মুহাম্মদ ইব্রাহিম মক্কি ও ইব্রাহিম আল-মাদানি নামেও পরিচিত সাইফ আল-আদেল। তিনি ইতিমধ্যে আফগানিস্তানের উদ্দেশে ইরান ছেড়েছেন বলেও গুঞ্জন রয়েছে।

এর আগে আল-কায়েদার এই নতুন শীর্ষ নেতার মাথার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন>> জানা গেল নেপালের সেই উড়োজাহাজ বিধ্বস্তের সম্ভাব্য কারণ

২০১১ সালে আল-কায়েদার প্রতিষ্ঠাতা এবং সংগঠনের প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই চাপের মধ্যে আছে আল-কায়েদা।

এর আগে গত জানুয়ারিতে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন যে, জাওয়াহিরির উত্তরসূরি কে হবেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে জাতিসংঘের একটি মূল্যায়ণ প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর এবং ডিসেম্বরের আলোচনায় অনেক সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত যে, সাইফ আল-আদেল এরইমধ্যে সংগঠনের ডি ফ্যাক্টো নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বর্তমানে সংগঠনের অপ্রতিদ্বন্দ্বী নেতা।

বিশেষজ্ঞরা বলছেন, জাওয়াহিরির মৃত্যু এই সংগঠনের ওপর চাপ সৃষ্টি করেছে। সতর্কতার সঙ্গে সফল অপারেশনের পরিকল্পনা করা এবং জিহাদি নেটওয়ার্ক পরিচালনা করতে পারবেন এমন একজন কৌশলী নেতা বেছে নেয়ার চাপে ছিল সংগঠনটি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!