ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ড্রোনে করে পেনশনের টাকা উড়ে এল বাড়িতে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ড্রোনে করে পেনশনের টাকা উড়ে এল বাড়িতে!
ছবি: সংগৃহীত

আচমকা দেখলেন আকাশে উড়ছে ড্রোন। আর সেই যন্ত্র উড়তে উড়তে তার বাড়ির দিকেই আসছে। কিছুক্ষণ পর তার বাড়ির উঠোনে নামল সেই ড্রোন। তা থেকে বেরোল টাকা। এমন কাণ্ড দেখে আপ্লুত ভারতের ওড়িশার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা।

তার নাম - হেতারাম সতনামি। প্রতিবন্ধকতার জন্য চলাফেরা করতে পারেন না। তাই সরকারি পেনশনের টাকা ড্রোনে করে তার বাড়িতে এল। গত সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

ওড়িশার নুয়াপাড়া জেলার মধ্যে রয়েছে ঘন জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম ভুটকাপাড়া। সেখানেই থাকেন হেতারাম। এত দিন সরকারি পেনশনের জন্য ২ কিমি পথ ডিঙিয়ে পঞ্চায়েত অফিসে যেতে হত ওই ব্যক্তিকে। শারীরিক প্রতিবন্ধকতার কথা ভেবে হেতারামের কষ্ট যাতে লাঘব হয়, তার জন্যই এই ড্রোনের ভাবনা গ্রামের সরপঞ্চের।

Advertisement

আরো পড়ুন>> যুদ্ধ-নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে পশ্চিমা যেসব প্রতিষ্ঠান

অনলাইনে অর্ডার দিয়ে নিজের উদ্যোগেই ড্রোনটি কেনেন সরপঞ্চ সরোজ আগরওয়াল। তার কথায়, ‘‘আমাদের পঞ্চায়েত এলাকায় জঙ্গলে ঘেরা ভুটকাপাড়া গ্রামে থাকেন হেতারাম। তিনি প্রতিবন্ধী। জন্মের পর থেকে চলাফেরা করতে পারেন না। রাজ্য সরকারের প্রকল্পে আমিই ওর নাম নথিভুক্ত করি। পেনশন সংগ্রহে যাতে ওকে সমস্যায় পড়তে না হয়, সে কারণেই ড্রোন কিনি।’’

সরপঞ্চের এই উদ্যোগে অভিভূত হেতানাম। তিনি বলেছেন, ‘‘ড্রোনের সাহায্য টাকা পাঠিয়েছেন সরপঞ্চ। আমার জন্য বড় স্বস্তির। আমার বাড়ি থেকে পঞ্চায়েত অফিসের দূরত্ব ২ কিমি। তাই খুব সমস্যা হত।’’

সরপঞ্চের প্রশংসায় পঞ্চমুখ নুয়াপাড়ার বিডিও সুবাদার প্রধানও। তিনি জানিয়েছেন, গোটাটাই সরপঞ্চের জন্য সম্ভব হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ড্রোন পেনশন
লিংক সফলভাবে কপি হয়েছে!