লেজ টেনে, খোঁচা দিয়ে বাঘকে উত্ত্যক্ত, অতঃপর যা হলো কৃষকের…
লোকালয়ে এসে একটি ক্ষেতের মধ্যে বিশ্রাম নিচ্ছিল বাঘ। সেটিকে লেজ টেনে, লাঠি দিয়ে পেটে খোঁচা মেরে উত্ত্যক্ত করেন সন্তোষ নামের এক কৃষক। এরপর আচমকাই তার ঘাড়ে লাফ মেরে থাবা বসিয়ে দেয় বাঘটি। টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোনও রকমে বাঘের হাত থেকে নিজেকে মুক্ত করেন। পরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের খারগোন জেলার কুশিয়ালা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বন দফতর জানিয়েছে, মহারাষ্ট্রের জলগাঁও জেলার চিরিয়া ফরেস্ট রেঞ্জ থেকে বাঘটি ১০০ কিলোমিটার পথ সফর করে মধ্যপ্রদেশের অম্বা দোচার এলাকায় ঢুকে পড়ে গ্রামের একটি ক্ষেতে বিশ্রাম নিচ্ছিল। বাঘ দেখে উৎসাহী গ্রামবাসীরা ভিড় জমান। বাঘের খবর পেয়ে বনকর্মীরাও দ্রুত গ্রামটিতে চলে যান। গ্রামবাসীদের ভিড় সরানোর সময় তার উপর হামলা চালায় বাঘটি। কোনও রকমে লাঠি দিয়ে নিজেকে বাঁচান। এরপর বাঘটি গ্রাম ছেড়ে পালায়।
.png)
আরো পড়ুন>> ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে এবার আকস্মিক বন্যা, ১৪ জনের মৃত্যু
কিন্তু গ্রামবাসীরাও নাছোড়। বাঘের পিছু পিছু কয়েকজন ধাওয়া করেন। ১০-১২ কিলোমিটার যাওয়ার পর আবার একটি ক্ষেতে গিয়ে আশ্রয় নেয় সেটি। তখন সন্তোষ বাঘের কাছে এগিয়ে যান। লেজ ধরে আলতো করে টান দেন। বাঘ নিরুত্তাপ থাকায়, এবার লাঠি দিয়ে লেজের মধ্যে আলতোভাবে মারেন।
তারপর বাঘের পেটে খোঁচা দিতেই সন্তোষের ঘাড়ে লাফ মারে বাঘটি। ঘাড়ে থাবা বসিয়ে দেয়। কামড় মেরে সন্তোষকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কোনও রকমে নিজেকে মুক্ত করে পালান সন্তোষ। এসময় তার ঘাড় থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে।
গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ মার্চ) তার মৃত্যু হয়।
সূত্র: টাইমস নাও