ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রাস্তায় রুপি ছিটিয়ে বিপাকে ইউটিউবার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ১৭ মার্চ ২০২৩
রাস্তায় রুপি ছিটিয়ে বিপাকে ইউটিউবার
ছবি: সংগৃহীত

নিজের জন্মদিন উদযাপন করার সময় রাস্তায় রুপি ছিটানোর অপরাধে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা প্রদেশে। জরাওয়ার সিং কালসি নামের ওই ইউটিউবার হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দা।

তার রুপি ছড়ানোর এই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যক্তিগত গাড়ির পেছনের অংশ টেইলগেট ট্রাঙ্ক খুলে রাস্তায় রুপি ছিটাচ্ছেন তিনি।

গুরগাঁও পুলিশ জানিয়েছে, ইউটিউবার জরাওয়ার সিং কালসিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা ওই সব নোট উদ্ধার করা হয়েছে। যে গাড়ি থেকে নোটগুলো ছিটানো হয়েছিল, সেই গাড়িও আটক করা হয়েছে।

আরো পড়ুন>> ফের আদালতের দ্বারস্থ হলেন ইমরান খান

পুলিশ বলছে, টাকা ছিটানোর ভিডিও ধারণ করা হয়েছে একটি মোটরসাইকেল থেকে। মোটরসাইকেলে দুজন ছিলেন।

গুরগাঁওয়ের পুলিশের এসিপি বিকাশ কৌশিক জানিয়েছেন, গলফ রোডে ওই ঘটনা ঘটানো হয়েছিল। পুলিশ এ ঘটনায় মামলা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ।

জরাওয়ার সিং কালসি এই রুপি ছিটানোর ধারণা পেয়েছিলেন ভারতের সাম্প্রতিক জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফরজি’ থেকে। নির্মাতা জুটি রাজ ও ডিকের এই ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয় নকল রুপি বানানোর ঘটনাকে কেন্দ্র করে।

আরো পড়ুন>> নারীর হৃৎপিণ্ড কেটে রান্না করে খাওয়ালেন আত্মীয়দের, অতঃপর তাদেরও খুন!

এই সিরিজে দেখা যায়, গ্রেপ্তার এড়াতে বলিউড অভিনেতা শহীদ কাপুর ও তার সঙ্গী গাড়ি নিয়ে ছুটতে থাকার সময় রাস্তায় রুপি উড়িয়ে দেন। সেই রুপি কুড়াতে শুরু করেন সাধারণ মানুষ। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ফলে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন তারা।

জরাওয়ার সিং কালসি এমন দৃশ্যই সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু বুমেরাং হলো। ওয়েব সিরিজের ওই দৃশ্যে শহীদ কাপুর পালাতে সক্ষম হলেও জরাওয়ার সিং কালসি পুলিশের হাত থেকে বাঁচতে পারেননি।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!