ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

থাইল্যান্ডে তীব্র তাপদাহ, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ২৩ এপ্রিল ২০২৩
থাইল্যান্ডে তীব্র তাপদাহ, সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে চলছে ভয়াবহ তাপদাহ। দেশটির রাজধানী ব্যাংককসহ বিভিন্ন এলাকায় চলমান এই তাপদাহ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে থাই কর্তৃপক্ষ। তাদের চরম গরমের মধ্যে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

শনিবার (২২ এপ্রিল) থাই কর্তৃপক্ষ এ সতর্কবার্তা দেয়।

এদিকে ব্যাংককের বাগনা এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। থাইল্যান্ডের আবহাওয়া দপ্তর বলছে, এ তাপমাত্রায় রেকর্ড ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো অনুভূত হচ্ছে।

Advertisement

ব্যাংককে গ্রিল করা মুরগি বিক্রি করেন ৬৭ বছর বয়সী আমপর্ন সুপাসার্ট। তার ভাষ্য, গরমের কারণে শীতাতপ নিয়ন্ত্রিত অন্য একটি দোকানে গিয়ে বিশ্রাম নেন তিনি।

আরো পড়ুন>> বিমানবন্দর থেকে দেড় কোটি ডলারের সোনার কন্টেইনার চুরি

সুপাসার্ট বলেন, ‘গরম থেকে বাঁচতে মাঝেমধ্যে আমি সেভেন-ইলেভেন স্টোরে আশ্রয় নিই।’ 

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ বিভাগ আভাস দিয়েছিল, শনিবার কমপক্ষে ২৮টি প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।

সাম্প্রতিক গরমে বিদ্যুতের ব্যবহারও বেড়েছে। থাই সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইসরি বলেন, ৬ এপ্রিল দেশটিতে রেকর্ড ৩৯ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে, যা গত বছরের এপ্রিলে ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের রেকর্ডকে ছাপিয়ে গেছে।

প্রিন্স অব সঙ্কলা বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক ম্যাথিনি ইয়ুচারোয়েন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এখন এসব চলছে। চরম গরমের মতো অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!