ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারী আইএস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ২৬ এপ্রিল ২০২৩
কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারী আইএস নেতা নিহত
কাবুল আন্তর্জাতিক বিমান বন্দর

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান সরকার। তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 

কয়েক সপ্তাহ আগে ওই হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। হত্যার শিকার ওই আইএস নেতার নাম অবশ্য প্রকাশ করা হয়নি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর, অসংখ্য মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসব সাধারণ মানুষকে লক্ষ্য করে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানো হয়। ঐ হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং আরো ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।

Advertisement

মার্কিন কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে তারা নিশ্চিত যে, আইএসের ওই নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু কীভাবে তারা এ খবর জানতে পেরেছেন বা কে সেই হামলাকারী সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কর্মকর্তারা রাজি হননি।

আরো পড়ুন>> লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৭ জনের মরদেহ উদ্ধার

কিন্তু তারা বলেছে যে, তাদের সোর্স খুবই বিশ্বাসযোগ্য এবং তারা অনেকগুলো সূত্র থেকে নিশ্চিত হয়েছে যে, হামলার জন্য দায়ী ব্যক্তি নিহত হয়েছে।

ইসলামিক স্টেট গ্রুপের আফগানিস্তান শাখা আইএস-কের হামলার সম্ভাবনা জানতে পেরে ওই বোমা হামলার কয়েক ঘণ্টা আগেই পশ্চিমা দেশগুলো সবাইকে সতর্ক করে দিয়েছিল যেন তারা কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ আগস্ট কাবুলের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের অ্যাবি গেটে অপেক্ষমাণ মানুষজনের মধ্যে হেঁটে গিয়ে একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এর কয়েকদিন পরে এক আত্মঘাতী বোমা হামলাকারীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কাবুলে একটি ড্রোন হামলা চালায়।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!