ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, টানা ১৪ দিন ধরে ভারতের ভোপালের কাছে রাজগড় টাউনে তাণ্ডব চালায় একটি বানর। অন্তত ২০ জনকে আহত করে সে। স্থানীয় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তাণ্ডবের সেই দৃশ্য। অনেক চেষ্টা সত্ত্বেও তাকে ধরতে পারেনি স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, গুরুতর আহত ২০ জনের মধ্যে ৮ জনই শিশু। এছাড়াও আহত হয়েছেন বয়স্করা। এহেন পরিস্থিতিতে বাধ্য হয়ে বানরটির মাথার দাম ধার্য করা হয় ২১ হাজার রুপি।
হামলাকারী বানরটিকে ধরতে বিশেষ দল গঠন করে স্থানীয় প্রশাসন। খবর দেয়া হয় মধ্যপ্রদেশের বন দপ্তরকে। তারপরেই বুধবার বানর ধরার অভিযান শুরু হয়। চার ঘণ্টা ধরে ড্রোন ব্যবহার করে বানরের হদিশ মেলে। তারপর ঘুমপাড়ানি গুলি মেরে অজ্ঞান করা হয় তাকে। খাঁচায় ভরে বানরটিকে নিয়ে যাওয়া হয় বন দপ্তরের হেফাজতে। এই তল্লাশি অভিযানে বন দপ্তরের সঙ্গে ছিলেন সাধারণ মানুষও। অচেতন বানরটিকে দেখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
.png)
স্থানীয় কর্পোরেশনের চেয়ারপার্সন বিনোদ সাহু জানান, “বানর ধরার পরিকাঠামো নেই আমাদের কাছে। জেলা কালেক্টরের পরামর্শেই বন দপ্তরের সাহায্য নেয়া হয়। যে বানর ধরে দিতে পারবে তার জন্য ২১ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এবার এই অর্থ তুলে দেয়া হবে বন দপ্তরের হাতে।”
একাধিক জেলা থেকে কর্মীদের ডেকে বিশেষ দল গঠন করে বানরটিকে ধরা হয়েছে। কয়েকদিন পরে তাকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলেই জানিয়েছে বন দপ্তর।
সূত্র: এনডিটিভি