ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মস্কো অভিমুখে যাত্রা বন্ধ করলো ওয়াগনার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৫, ২৫ জুন ২০২৩
মস্কো অভিমুখে যাত্রা বন্ধ করলো ওয়াগনার বাহিনী
ছবি- সংগৃহীত

রক্তপাত এড়াতে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে অগ্রসর বন্ধ করেছে দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠী। মূলত ক্রেমলিনের সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে মস্কোর দিকে এগোচ্ছিল তারা। তবে বেলারুশ প্রেসিডেন্টের প্রস্তাবে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াগনার।

রাশিয়ার গণমাধ্যম রোশিয়া ২৪ জানিয়েছে, উত্তেজনা প্রশোমনে রাশিয়ার ভূখণ্ডে আর অগ্রসর না হতে বেলারুশ প্রেসিডেন্টের প্রস্তাবে রাজি হয়েছেন প্রিগোজিন। তবে ভাড়াটে বাহিনীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন প্রিগোজিন।

গণমাধ্যমটির দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এতে সম্মতি দিয়েছেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে ক্রেমলিনের কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

Advertisement

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, রক্তপাত এড়াতে রাজধানী মস্কো অভিমুখে অভিযান থেকে যোদ্ধাদের ফেরত আসার নির্দেশ দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

এক অডিও বার্তায় প্রিগোজিন এই ঘোষণা দিয়েছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর তিনি এই ঘোষণা দেন। লুকাশেঙ্কো বলেন, ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের মস্কো যাওয়া বন্ধ করতে তিনি প্রিগোজিনের সঙ্গে আলোচনা করেছেন।  

শনিবার ওয়াগনার প্রধান বিদ্রোহ ঘোষণা করে মস্কো অভিমুখে রওনা দিলে রাশিয়াজুড়ে অস্থিরতা তৈরি হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ শাসনামলে এটিই সবচেয়ে বড় হুমকি। মস্কো অভিমুখে রওনা দেওয়ার আগে ওয়াগনার সীমান্তের একটি শহরের সেনা সদর দফতর নিয়ন্ত্রণ নিয়েছিল।

বিবিসি জানিয়েছে, ওয়াগনার যোদ্ধাদের মস্কোর দিকে অগ্রসর না হয়ে ফেরত আসার নির্দেশ দিয়েছেন প্রিগোজিন। তাদেরকে নিজেদের ঘাঁটিতে ফিরতে বলা হয়েছে। 

তিনি দাবি করেন, তার যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় মস্কোর দিকে ২০০ কিলোমিটার অগ্রসর হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!