ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লাহোর ও ইসলামাবাদে ভারী বৃষ্টিপাত, ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২১ জুলাই ২০২৩
লাহোর ও ইসলামাবাদে ভারী বৃষ্টিপাত, ১৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর লাহোরে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) ভোররাতে ইসলামাবাদের শহরতলীতে একটি সামরিক কম্পাউন্ডের সীমানা দেওয়ালের অংশ ধসে ১১ শ্রমিকের মৃত্যু হয়। বৃষ্টিতে দেওয়ালটি দুর্বল হয়ে পড়েছিল বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। একইদিন লাহোরের বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পাঁচজন মারা যান।

সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, ইসলামাবাদের গোলরা মোড়ের ঘটনায় নিহত শ্রমিকরা একটি আন্ডারপাস নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। তবে ঘটনার সময় তারা কাছেই তাদের তাঁবুতে ঘুমিয়ে ছিলেন। ঐ সময় সামরিক কম্পাউন্ডের ১১ ফুট উঁচু দেওয়াল তাদের ওপর ধসে পড়ে। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

Advertisement

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের বের করে আনতে উদ্ধারকারীদের ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে ১১ জনের মৃত্যু হয়।

ইসলামাবাদে প্রবল বৃষ্টি চলতে থাকায় সরকারি সব বিভাগকে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। আগামী কয়েক দিনে আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

লাহোরে যে পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ১০ ও ১২ বছর বয়সী দুটি শিশু আছে। তারা বৃষ্টির মধ্যে নগরীর চারার এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়।

নগরীর একটি আবাসিক এলাকায় বৃষ্টির মধ্যে ইলেকট্রিক বোর্ড থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ২৮ বছর বয়সী এক যুবক। থোকার নিয়াজ বেগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরেকজন।

এর পাশাপাশি কালান্দাপুরা বাজারে একইভাবে ৩০ বছর বয়সী আরেক ব্যক্তি মারা যান।

ডন নিউজ জানিয়েছে, জুনের শেষ সপ্তাহ থেকে পাকিস্তানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হচ্ছে, আর এরমধ্যে বিভিন্ন ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

বৃষ্টির কারণে পাঞ্জাবের নদীগুলো উপচে বন্যা দেখা দিয়েছে; কয়েশ গ্রাম ডুবে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১৫ হাজার মানুষ।

গত বছর পাকিস্তানে টানা প্রবল বৃষ্টির পর দেখা দেওয়া ভয়াবহ বন্যায় অন্তত ১৭০০ মানুষের মৃত্যু হয়েছিল। দেশটির এক তৃতীয়াংশ ডুবে যাওয়া ওই বন্যায় ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছিল তিন হাজার কোটি ডলার। 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!