ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কন্যার আবদারে ফুটপাত থেকে শিশুকে তুলে নিয়ে গেলেন দম্পতি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১২, ২৬ আগস্ট ২০২৩
কন্যার আবদারে ফুটপাত থেকে শিশুকে তুলে নিয়ে গেলেন দম্পতি!
ছবি: প্রতীকী

ভাই নেই, এ বছর রাখি বাঁধবে কার হাতে? বাবা, মায়ের কাছে তাই একটি ভাইয়ের জন্য বায়না জুড়েছিল কিশোরী। তার আবদার ফেলতে পারেননি দম্পতি। ফুটপাত থেকে শিশু চুরি করে নিয়ে গিয়েছিলেন কন্যাকে ভাই উপহার দেওয়ার জন্য। কিন্তু শেষমেশ পরিকল্পনা বাস্তবায়িত করা গেল না। পুলিশের হাতে ধরা পড়ে গেলেন দু’জনেই।

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির টেগোর গার্ডেনের রঘুবীর নগর এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক হওয়া দম্পতির নাম সঞ্জয় গুপ্ত এবং অনিতা গুপ্ত। পেশায় তারা ট্যাটু এবং মেহেদি আর্টিস্ট।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির ১৭ বছর বয়সী এক পুত্র ছিল। গত বছর আগস্টে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। দম্পতির কন্যার বয়স ১৫ বছর। রাখিপূর্ণিমায় প্রতি বছর ভাইকেই রাখি পরাত সে। কিন্তু এবার ভাই না থাকায় রাখির আগে বাবা, মায়ের কাছে ভাই এনে দেওয়ার আবদার করেছিল সে। সেই আবদার মেটাতেই শিশু চুরির পরিকল্পনা করেন দম্পতি।

Advertisement

গত বৃহস্পতিবার ভোর ৪টে ৩৪ মিনিটে পুলিশের কাছে এক শিশুর অপহরণের অভিযোগ জমা পড়ে। পুলিশ জানতে পারে অপহৃত শিশুর বয়স এক মাস। তার মা প্রতিবন্ধী। বাবা এবং মায়ের সঙ্গে ফুটপাতেই থাকছিল শিশুটি। রাতে তাকে তুলে নিয়ে যান দম্পতি।

পুলিশকে শিশুটির বাবা জানিয়েছেন, রাত ৩টা নাগাদ তাদের ঘুম ভেঙে গিয়েছিল। তারা দেখেন, তাদের সন্তান নেই। এর পর পুলিশের কাছে ছুটে যান তারা। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ পান। তাদের পরিচয় পাওয়ার জন্য অন্তত ৪০০টি ফুটেজ ঘাঁটতে হয়েছে পুলিশকে। অভিযুক্ত দম্পতিকে এর পর গ্রেফতার করা হয়। অপহৃত শিশুকেও উদ্ধার করে পুলিশ।

আটক দম্পতি পুলিশকে জানিয়েছেন, শিশুটিকে নিজের সন্তানের মতো মানুষ করার ইচ্ছা ছিল তাদের।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!