ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১৫৯ যাত্রী নিয়ে শস্যখেতে রুশ বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৩
১৫৯ যাত্রী নিয়ে শস্যখেতে রুশ বিমানের জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

দেড়শোর বেশি যাত্রীসহ রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের একটি বিমান পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা।

জানা গেছে, রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের বিমানটি দেশটির সোচি শহর থেকে ওমস্কে যাচ্ছিল এবং মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ার পর পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে এটি জরুরি অবতরণ করে।

রুশ গণমাধ্যম দা মস্কো টাইমস জানিয়েছে, ১৬৭ জন আরোহী নিয়ে সোচির ব্ল্যাক সি রিসোর্ট থেকে সাইবেরিয়ান শহর ওমস্কে যাচ্ছিলো ইউরাল এয়ারলাইন্সের বিমানটি।

Advertisement

তবে আরেক রুশ সংবাদমাধ্যম তাস বলছে যে বিমানটিতে ১৫৬ জন লোক ছিল। আবার রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে যে বিমানটিতে ১৫৯ জন যাত্রী ছিলেন।

রাশিয়ার এভিয়েশন এজেন্সি রোসাভিয়েতসিয়া জানিয়েছে, নোভোসিবিরস্ক অঞ্চলে অবস্থিত কামেনকা গ্রামের কাছে খোলামেলা একটি জায়গায় বিমানটি অবতরণ করা হয়েছিল।

জরুরি অবতরণের পর সমস্ত যাত্রীদের নিকটতম গ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছে রোসাভিয়েতসিয়া। বিমানের ক্রুদের তথ্যমতে বিমানটিতে ১৫৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য রয়েছেন।

এদিকে এ বিমানের জরুরি অবতরণের বিষয়ে বিমান ট্রাফিক নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি, যা বড় বড় অপরাধের তদন্ত করে থাকে। সংস্থাটি বলছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে।

ইউরাল এয়ারলাইন্স হল ইয়েকাটেরিনবার্গ শহরে অবস্থিত একটি দেশীয় রাশিয়ান বিমান সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!