বিশ্বব্যাপী বাড়ছে কলেরার প্রকোপ, তীব্র সংকটে ২৪ দেশ
বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী কলেরার প্রকোপ বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জাতিসংঘের সংস্থাটি বলছে, গত বছর রিপোর্ট করা আক্রান্তের সংখ্যা ২০২১ সালে রিপোর্ট করা আক্রান্তের চেয়ে দ্বিগুণেরও বেশি।
কলেরা ছড়িয়ে পড়ছে এমন দেশের সংখ্যাও ২০২২ সালে ২৫ শতাংশ বেড়েছে। ২০২১ সালে ৩৫টি দেশ থেকে বেড়ে গত বছর তা ৪৪টি দেশে পৌঁছেছে।
.png)
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, কলেরা একটি প্রাণঘাতী রোগ হতে পারে, যা সাধারণত অনিরাপদ খাবার কিংবা পানির মাধ্যমে ছড়ায়। এছাড়া কলেরা আক্রান্ত মানুষের মল পানিতে মিশে গেলে সেই পানি থেকেও কলেরা ছড়াতে পারে।
দীর্ঘদিন ধরে কলেরার প্রচলিত চিকিৎসায় দুই ডোজ করে টিকা দেওয়া হত। তবে গত বছরের অক্টোবর থেকে জরুরি ভ্যাকসিন সরবরাহ তত্ত্বাবধানের জন্য নিয়োজিত আন্তর্জাতিক সমন্বয়কারী গ্রুপ এক ডোজ করে কলেরার টিকা দেওয়া শুরু করেছে।
ডব্লিউএইচও বলেছে, গত বছর কলেরার প্রাদুর্ভাব ছিল ব্যাপক। বিশেষ করে আফগানিস্তান, ক্যামেরুন, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মালাউই, নাইজেরিয়া, সোমালিয়া এবং সিরিয়া দশ হাজারেরও বেশি সন্দেহজনক এবং কলেরা আক্রান্ত রোগী নিশ্চিত করেছে।
ডব্লিউএইচও-এর মতে, চলতি বছর বিশ্ব কলেরার উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ২৪টি দেশে এর ব্যাপক প্রাদুর্ভাব দেখা গেছে। এর মধ্যে কিছু কিছু দেশ ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে।
সূত্র: ভয়েস অফ আমেরিকা