বুধবার (২৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় প্রাথমিক বিতর্ক। এতে ক্রিস ক্রিস্টিসহ দলটির সম্ভাব্য সাতজন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।
তবে রিপাবলিকান দল থেকে প্রার্থিতার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দলীয় বিতর্কে অংশ নিচ্ছেন না। এর বদলে তিনি গতকাল মিশিগানে অটোমোবাইল খাতের শ্রমিকদের মধ্যে প্রচারণা চালিয়েছেন।
.png)
গতকালের বিতর্কে ট্রাম্পের সমালোচনার পাশাপাশি অভিবাসন নীতি, চীন এবং অর্থনীতি প্রসঙ্গসহ নানা বিষয় উঠে আসে।
ট্রাম্পের সমালোচনা করে ক্রিস ক্রিস্টি বলেন, তিনি (ট্রাম্প) তার গলফ ক্লাবের দেয়ালের আড়ালে লুকিয়ে রয়েছেন।
ক্রিস ক্রিস্টি আরো বলেন, ‘আপনি (ট্রাম্প) অনেক কিছু লুকাচ্ছেন। আসলে কী হচ্ছে, তা আমাদের বলতে দিন। আর আপনি যদি এমনটা করতে থাকেন, তাহলে এখানে আর কেউ আপনাকে ডোনাল্ড ট্রাম্প বলে ডাকবে না। আমরা আপনাকে একজন ডোনাল্ড ডাক বলেই ডাকব।’
গতকালের বিতর্কে ক্রিস ক্রিস্টির পাশাপাশি মনোনয়নপ্রত্যাশী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, বায়োটেক উদ্যোক্তা বিবেক রামাস্বামী, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর টিম স্কট ও নর্থ ডাকোটার গভর্নর ডগ বার্গাম অংশ নেন।
২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছরের নভেম্বরে ট্রাম্প ঘোষণা করেন, তিনি এই নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে গত আগস্টে উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে নামা নেতাদের মধ্যে প্রাথমিক বাছাইপর্বের প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। ওই বিতর্কেও ট্রাম্প অংশ নেননি।
ট্রাম্পের দাবি, মার্কিন নাগরিকেরা তাকে খুব ভালো করে চেনেন। এই কারণে বিতর্কে অংশ নিয়ে জনগণের কাছে তার নিজেকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই।
রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প। তার এই জয় বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২০ সালের নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। কিন্তু পরাজয় স্বীকার না করে ট্রাম্প নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন। বর্তমানে একাধিক ফৌজদারি অভিযোগ নিয়ে আইনি লড়াই লড়ছেন তিনি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট