ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিকিমে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৮২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৩, ৯ অক্টোবর ২০২৩
সিকিমে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৮২
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ১৪০ জনের বেশি। বন্যায় আটকে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

গত বুধবার ভোরে সিকিমে বৃষ্টি শুরু হয়। অতিবৃষ্টিতে সিকিমের উত্তরাঞ্চলে লোনাক হ্রদের পানি অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে তিস্তা নদীর ওপর। এছাড়া চানথাং বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটিতে পানির উচ্চতা ১৫ থেকে ২০ ফুট বেড়ে বন্যা দেখা দেয়।

এবারের আকস্মিক বন্যায় সিকিমের ১১টি সেতু ধ্বংস হয়েছে। এদের মধ্যে মাঙ্গান জেলার ৮টি, নামচিতে দুটি এবং গ্যাংটকের একটি। বন্যায় চার জেলার পানির পাইপলাইন, স্যুয়ারেজ লাইন এবং ২৭৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সিকিমে বুধবারের আকস্মিক বন্যার পর থেকে নিখোঁজ থাকা ১৪২ জনের বেঁচে থাকার আশা ম্লান হয়ে গেছে। কারণ একের পর একে মরদেহ ভেসে আসছে তিস্তা উপকূলে। রোববারও তিস্তার উপকূলে আরো নয়টি মৃতদেহ ভেসে গেছে।

এদিকে জলপাইগুড়ির এসপি খণ্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন যে, জেলায় ৩৯টি মৃতদেহ পাওয়া গেছে, যার মধ্যে ১০টি শনাক্ত করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব মরদেহের মধ্যে ছয় সেনা সদস্যের মরদেহ রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ছয় দিনে ৫ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে উত্তর সিকিমের কিছু অংশ রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!