সোমবার (৩০ অক্টোবর) এই সংঘর্ষের জেরে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান এক কর্মকর্তা জানিয়েছেন।
ফিলিস্তিনি একাধিক সূত্র সংবাদমাধ্যম আল-জাজিরা’কে বলেছে, ইসরায়েলি ট্যাংকগুলো গাজার সীমান্ত বেড়া থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গাজা শহরের মধ্যবর্তী সালাহ আল-দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয়েছে। পরে ওই এলাকায় হামাসের যোদ্ধাদের সাথে ইসরায়েলি সৈন্যদের তুমুল লড়াই হয়।
.png)
গাজার স্থানীয় একজন বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা সালাহ আল-দিন স্ট্রিটের বিভিন্ন স্থানে কেটে ফেলেছে এবং কোনও যানবাহন এই সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেই সেটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে।
গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান কর্মকর্তা সালামা মারুফ বলেন, ইসরায়েলি ট্যাংক গাজা শহরের উপকণ্ঠ থেকে পিছু হটেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কোনও স্থল অভিযান নেই। সালাহ আল-দিন সড়কে কেবল দখলদার সেনাবাহিনীর কয়েকটি ট্যাংক এবং একটি বুলডোজারের অনুপ্রবেশ ঘটেছিল।’
‘এসব যানবাহন সালাহ আল-দিন স্ট্রিটে দুটি বেসামরিক গাড়িকে লক্ষ্যবস্তু করেছে। পরে হামাসের যোদ্ধাদের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সব যানবাহন। চলে যাওয়ার আগে দখলদার বাহিনী সড়কের বিভিন্ন স্থান কেটে ফেলেছে।’
গাজা উপত্যকা থেকে আল-জাজিরার প্রতিনিধি সাফওয়াত কাহলৌত জানান, গাজার যে এলাকায় ইসরায়েলি ট্যাংক অবস্থান করছে বলে জানা যাচ্ছে, আমি সেখান থেকে ৫ কিলোমিটার দূরে রয়েছি। তবে আমি ওই এলাকা থেকে এখন ধোঁয়া উড়তে দেখছি। যুদ্ধরত গোষ্ঠীগুলো বলছে, গাজায় এই মুহূর্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে।