ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৫, ২ নভেম্বর ২০২৩
গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিয়মিত আপডেটে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর চালানো অমানবিক হামলায়— গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছেন। এরমধ্যে শিশুর সংখ্যা হলো ৩ হাজার ৭৬০ জন।

গত ২৬ দিন ধরে গাজায় অব্যাহতভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গত ২৮ অক্টোবর থেকে তারা স্থল অভিযানও শুরু করেছে।

Advertisement

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন ৩২ হাজার মানুষ।

এছাড়া আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ ২ হাজার ৬০০ জন নিখোঁজ থাকার তথ্য পেয়েছে। যার মধ্যে শিশু হলো ১ হাজার ১৫০ জন। এসব শিশু হয় নিখোঁজ রয়েছে অথবা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

শুধুমাত্র আজ বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় ২৫৬ জন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এখন পর্যন্ত ১৩৫ স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ইসরায়েলিরা এ সময়ের মধ্যে ২৫টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে।

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজার ১৬টি হাসপাতাল এবং ৩২টি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন— তুরস্কের অর্থায়নে পরিচালিত গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি রক্ষায় যেন তিনি হস্তক্ষেপ করেন।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!