ভারতের নদিয়ার একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। মধ্যবয়স্ক ওই মহিলার রক্তাক্ত দেহ হোটেলের ঘর থেকে উদ্ধার করেন হোটেলের কর্মীরা। তারাই তাকে তড়িঘড়ি স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। রোববার রাতে আক্রান্ত মহিলাই অভিযুক্ত প্রাক্তন প্রেমিক রঞ্জিত সরকারের বিরুদ্ধে পুলিশে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মহিলা জানিয়েছেন, বছর কুড়ি আগে কৃষ্ণগঞ্জের বাসিন্দা রঞ্জিতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরে নানা কারণে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। বিয়ে করেন জলপাইগুড়ির ধূপগুড়ি থানা এলাকার এক যুবককে। কয়েক দিন আগে রঞ্জিতের সঙ্গে আবার সমাজমাধ্যমে তার যোগাযোগ হয়। দু’জনে দেখা করার সিদ্ধান্ত নেন। সেই মতো মাজদিয়া শিবনিবাস মন্দিরেও যান তারা। পরে সেই মন্দিরের পাশে একটি লজে ঘর ভাড়া নেন দুই জন। সেখানে মদ খেতে খেতে গল্প করার সময় তার উপর রঞ্জিত হামলা করেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা।
.png)
মহিলার বক্তব্য, মত্ত অবস্থায় ২০ বছর আগের কথা টেনে এনে তার বিরুদ্ধে বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছিলেন রঞ্জিত। তার পরেই হঠাৎ চাকু দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন। এতে জ্ঞান হারান মহিলা।
তিনি বলেন, ২০ বছর আগে বন্ধুত্ব ছিল। ভাবতে পারিনি যে, এত বছর ধরে ওই রাগ পুষে রেখেছে। প্রতিশোধ নিতেই যে ডেকেছিল, বুঝতে পারিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রঞ্জিত। তার খোঁজে তল্লাশি চলছে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।