ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ যখন আছড়ে পড়বে উপকূলে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০১, ২ ডিসেম্বর ২০২৩
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ যখন আছড়ে পড়বে উপকূলে
ফাইল ফটো

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এ নিম্নচাপটি শনিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর তা এগোতে পারে উত্তর-পশ্চিম দিকে। 

আগামী সোমবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যভাগে পৌঁছবে এটি। এরপরই ঘূর্ণিঝড় মিগজাউম উত্তর দিকে আগ্রসর হবে। আগামী মঙ্গলবার দুপুর নাগাদ নেল্লোর এবং মাছিলিপত্তনমের মাঝখান দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রবেশে এটি আছড়ে পড়বে।

আলিপুর আবহাওয়া দফতর জানায়, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে আগামী বুধ এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাসহ ১০ জেলায়।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপটি। তা এখন পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল সাড়ে ৮টায় এর অবস্থান ছিল পুদুচেরি থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে, চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে, নেল্লোর থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, বাপাতলার ৬৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, মাছিলিপতনমের ৬৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে। 

জানা গেছে, স্থলভূমিতে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধ এবং বৃহস্পতিবার কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!