৭৬৪ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প, পর্যটকের মৃত্যু
চীনে অবস্থিত বিশ্বের সবচেয়ে দ্বিতীয় উঁচু বাঞ্জি জাম্প প্ল্যাটফরম থেকে লাফ দিয়ে ৫৬ বছর বয়সী এক জাপানি পর্যটকের মৃত্যু হয়েছে। অজ্ঞান হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই ওই পর্যটক মারা যান।
রোববার (৩ ডিসেম্বর) এই পর্যটক বিখ্যাত ম্যাকাও টাওয়ারের ৭৬৪ ফুট উঁচু থেকে লাফ দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে জানানো হয়, লাফ দেওয়ার পর তার শ্বাসকষ্ট হয়েছিল। তাকে জরুরি চিকিৎসার জন্য কনডে এস জানুয়ারিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
.png)
এদিকে ম্যাকাও টাওয়ারে বাঞ্জি জাম্প পরিচালনাকারী সংস্থা এ জে হ্যাকেটের স্কাইপার্ক তাদের ওয়েবসাইটে বলেছে, যেকোনো ক্রিয়াকলাপে অংশ নেয়ার আগে কর্মীদের চিকিৎসাসংক্রান্ত কোনো উদ্বেগ থাকলে সে সম্পর্কে জানাতে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়। হৃদরোগের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অস্ত্রোপচারের ইতিহাস এর মধ্যে রয়েছে।
এ জে হ্যাকেটের স্কাইপার্কে এক রাউন্ড বাঞ্জি জাম্পের খরচ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার টাকা। কম্পানিটি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ফ্রান্সেও বাঞ্জি জাম্প পরিচালনা করে।
তাদের ওয়েবসাইট অনুসারে, তারা ৩০ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে চার মিলিয়ন জাম্প সম্পন্ন করেছে এবং ‘নিখুঁত নিরাপত্তা রেকর্ড’ রয়েছে।
চীনে অবস্থিত ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ বাঞ্জির উচ্চতা ম্যাকাও টাওয়ারের চেয়েও বেশি।