জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান বুধবার রাতে এক এক্স পোস্টে লিখেছেন, নৈতিক দিক দিয়ে আজ জাতিসংঘ মহাসচিবের আরো অধঃপতন ঘটেছে। তিনি জাতিসংঘ সনদের ৯৯ ধারা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন যা তাকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার সুযোগ দেবে। এই ঘটনায় জাতিসংঘ মহাসচিবের চরম নৈতিক অবক্ষয় এবং ইসরায়েল বিরোধী অবস্থান ফুটে উঠেছে।
এরডান আরো লিখেছেন, মহাসচিব যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মূলত গাজার ওপর হামাসের আধিপত্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গাজা যুদ্ধের জন্য হামাসকে দায়ী না করে এবং হামাস নেতাদের আত্মসমর্পণ ও পণবন্দিদের মুক্ত করে দেয়ার আহ্বান না জানিয়ে উল্টো হামাসের পক্ষে কথা বলছেন।
.png)
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তার এক্স পোস্টে অ্যান্তোনিও গুতেরেসের বিরুদ্ধে চরম ঔদ্ধত্ব প্রকাশ করেছেন এ কথা লিখে যে, আমি আবারো এই মুহূর্তে জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ কামনা করছি। আমাদের এমন একজন মহাসচিব দরকার যিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে’ সমর্থন করবেন। আমাদের এমন মহাসচিবের প্রয়োজন নেই যিনি হামাসের লিখিত স্ক্রিপট অনুযায়ী কাজ করবেন।
এর আগে বুধবার গাজা ইস্যুতে জাতিসংঘের ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ নেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ সনদের ৯৯ ধারা জারি করার আহ্বান জানান তিনি। এই ধারা যেকোনো বৈশ্বিক সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচিত।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধান জ্যাভিয়ার লোপেজ ডোমিঙ্গুয়েজের কাছে একটি চিঠি পাঠিয়ে জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ জারির আহ্বান করেন আন্তোনিও গুতেরেস। এই ধারায় বলা আছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বিষয়ে যেকোনো পদক্ষেপ নিতে পারেন জাতিসংঘ মহাসচিব। তিনি অবিলম্বে গাজায় একটি মানবিক যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান।