রাফাহ শহরের আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ২৯
গাজায় রাফাহ শহরের আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এখনো বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাতের আঁধারে গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ গাজায় রাফাহ শহরের তিনটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। হামলার পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৯ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২৯ জনে। মূলত ধ্বংসস্তূপ থেকে একে একে লোকদের টেনে তোলার পর মৃতের সংখ্যা ২৯ জনে পৌঁছায়। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরা বলছে, গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশ থেকেও আরো প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে দেইর আল-বালাহ, আল-মাগাজি এবং আল-বুরেজ শরণার্থী শিবিরও রয়েছে। এসব এলাকায়ও আবাসিক ভবনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
.png)
এদিকে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে রাতের আঁধারে এক ফিলিস্তিনি বন্দির বাড়ি উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি এই নিউজ আউটলেটটি জানিয়েছে, ওসামা বানি ফাদল নামে ওই বন্দির বাড়ি আকরাবা শহরের একটি তিনতলা ভবনে অবস্থিত ছিল। এছাড়া হেবরন, জেনিন এবং তুলকারেমেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে ক্রমবর্ধমান আহ্বানের সম্মুখীন হয়েছে ইসরায়েল। আল জাজিরা বলছে, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির জন্য আরেক দফা বৈশ্বিক চাপের মুখোমুখি হয়েছে। নতুন কূটনৈতিক প্রচেষ্টার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত নতুন ভোটাভুটি হতে পারে।