ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সেনাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের বিমান বাহিনীর একটি উড়োজাহাজ মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণ করে। ওই প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিল দিল্লি। সামরিক উড়োজাহাজটি মিয়ানমারের মান্দাল থেকে উড্ডয়ন করে এবং মিজোরামে অবতরণ করে। তারা ১৫১ জন সেনাকে দুটি উড়োজাহাজে করে দেশে নিয়ে যায়।
গত ২৯শে ডিসেম্বর শুক্রবার মিজোরামের লংটলাই জেলার তুইসেন্টলাং সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েন মিয়ানমার সেনার ১৫১ সদস্য। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢোকার সময়ে তাদেরকে আটক করে আসাম রাইফেলসের সদস্যরা। তাদেরকে হেফাজতে নেয়ার পরে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন আসাম রাইফেলসের কর্মকর্তারা।
.png)
এরপর মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করে ভারত। পালিয়ে আসা সেনাদের ফেরত নিতে রাজি হয় মিয়ানমার সেনাবাহিনী। মঙ্গলবার আকাশপথেই ফিরিয়ে নেয়া হয় তাদের।
আসাম রাইফেলসের এক কর্মকর্তা জানিয়েছেন, বারবার মিয়ানমার থেকে সেনা সদস্যদের পালিয়ে আসার ঘটনা উদ্বেগজনক। তাই মিয়ানমার সংলগ্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।