ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
বিদ্যুৎবিহীন সাড়ে ৬ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ১০ জানুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে নিহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবং কানাডার পূর্বাঞ্চলে একের পর এক শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন রয়েছে ৬ লাখেরও বেশি ঘরবাড়ি।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ফ্লোরিডা থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্য পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ৬ লাখ ৩০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। এছাড়া ফ্লোরিডার কয়েক ডজন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় ঝড়ের কারণে বাড়ির ছাদ উড়ে গেছে এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লোরিডায় শক্তিশালী বাতাসের কারণে বহু গাড়ি উল্টে গেছে এবং বাড়িঘর ভেঙে পড়েছে। এই অঞ্চলেও বেশ কয়েকটি টর্নেডোর খবর পাওয়া গেছে।

Advertisement

মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্ল্যাইট অ্যাওয়ার-এর তথ্য অনুসারে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বা বাইরে গমনকারী ১৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিমানও ডাইভার্ট করতে হয়েছে।

কমলা হ্যারিসের একজন মুখপাত্র বলেছেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার’ জন্য আটলান্টা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে মেরিল্যান্ডের পরিবর্তে ভার্জিনিয়ায় মার্কিন ভাইস-প্রেসিডেন্টের বিমান অবতরণ করতে হয়েছে।

এদিকে মঙ্গলবার ফ্লোরিডা, আলাবামা এবং জর্জিয়াজুড়ে ১২টি টর্নেডোর খবর পাওয়া গেছে। এসব টর্নেডো ওই এলাকাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে এবং কিছু এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানও শুরু করতে হয়েছে।

বিবিসি বলছে, ঝড়ের কারণে পানামা সিটিতে বহু রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেখানকার বহু ভবনের ছাদ উড়ে গেছে এবং বেসবলের আকারের শিলাবৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৬টা পর্যন্ত শহরের কেন্দ্রস্থল এলাকায় কারফিউ ঘোষণা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!