ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন হামলাও দমাতে পারেনি হুথিদের, স্বীকারোক্তি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ১৯ জানুয়ারি ২০২৪
মার্কিন হামলাও দমাতে পারেনি হুথিদের, স্বীকারোক্তি বাইডেনের
হুথি বিদ্রোহী - ফাইল ছবি

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর মার্কিন হামলা লোহিত সাগরে পণ্যবাহী বিভিন্ন জাহাজের ওপর হামলা বন্ধ করতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। এসময় গোষ্ঠীটির ওপর মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বাইডেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

প্রতিবেদনে জানানো হয়, একটি মার্কিন জাহাজে হুথিদের ড্রোন হামলার পর বৃহস্পতিবার ইয়েমেনে পঞ্চম দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

Advertisement

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, মার্কিন বাহিনী ‘হুথি ক্ষেপণাস্ত্রের একটি রেঞ্জ জব্দ করেছে’ যেগুলো লোহিত সাগরের দিকে ছোঁড়ার পরিকল্পনা করা হয়েছিল।

তিনি বলেছিলেন, বুধবার এবং বৃহস্পতিবার আবারও আমেরিকা হামলা করেছে।

ওয়াশিংটনে বাইডেনকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলায় কাজ হচ্ছে কি-না। জবাবে তিনি বলেন ‘না।’

সাংবাদিকরা জানতে চাইলেন, ‘তারা কি হামলা চালিয়ে যাবে?’ এর জবাবে বাইডেন বললেন, ‘হ্যাঁ।’

এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার তারা ‘দুটি হুতি ক্ষেপণাস্ত্রের ওপর হামলা চালিয়েছে যেগুলো দক্ষিণ লোহিত সাগরকে লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছিল।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা হুতিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমরা যে পদক্ষেপ নিচ্ছি তা প্রতিরক্ষামূলক প্রকৃতির।’

এদিকে হুথিদের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সমর্থণ জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি মালিকানাধীনসহ যে কোনও পণ্যবাহী জাহাজে হামলা চালানো অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!