সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, চাঁদে সফলভাবে অবতরণ করলেও যানটির সোলার প্যানেল কোষগুলো ভুল অবস্থানে থাকায় এটি বিদ্যুৎ হারিয়ে ফেলে।
.png)
জাক্সা জানিয়েছে যে চাঁদে সূর্যের আলো দিক পরিবর্তন করায় নভোযান মুন স্নাইপার পুনরায় শক্তি উৎপন্ন করতে সক্ষম হয়েছে যার ফলে চাঁদ থেকে তোলা ছবি পাঠাচ্ছে এটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জাক্সা মুন স্নাইপারের তোলা একটি পাথরের ছবি শেয়ার করেছে যেটির ডাকনাম ‘টয় পুডল’।
ল্যান্ডারটি চাঁদের উৎপত্তি সম্পর্কে ধারণা পেতে পাথরের গঠন বিশ্লেষণ করবে জানিয়েছে জাপানের মহাকাশ সংস্থা। এছাড়া চাঁদে পানি ও অক্সিজেনের সম্ভাব্য উৎস নিয়েও কাজ করবে এই নভোযানটি।
জাক্সা জানিয়েছে নভোযান মুন স্নাইপারকে লুনার নাইট বা চাঁদের রাতে (যা পৃথিবীর হিসাবে প্রায় ২ সপ্তাহ) টিকে থাকার মতো করে নকশা করে তৈরি করা হয়নি। সংস্থাটি জানিয়েছে, চাঁদে পরবর্তী লুনার নাইট বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে।
গত ২০ জানুয়ারি চাঁদে নির্ধারিত স্থানের ৫৫ মিটারের মধ্যেই অবতরণ করে জাপানের চন্দ্রযান মুন স্নাইপার। এর মধ্য দিয়ে পঞ্চম দেশ হিসেবে চাঁদে সফলভাবে নভোযান পাঠানোর তালিকায় নাম লেখায় জাপান। এর আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন এবং গত বছর ভারত চাঁদে নভোযান পাঠিয়েছে।