ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ড্রোন হামলা চালিয়ে রুশ টহল জাহাজ ধ্বংস করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০১, ৫ মার্চ ২০২৪
ড্রোন হামলা চালিয়ে রুশ টহল জাহাজ ধ্বংস করলো ইউক্রেন
ফাইল ছবি

কৃষ্ণসাগরে অবস্থানরত রাশিয়ার নৌবহরের অংশ একটি টহল জাহাজ ধ্বংস করেছে ইউক্রেন। জাহাজটি সদ্যই কৃষ্ণসাগর বহরে যুক্ত করা হয়েছিল বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ মার্চ) ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, নৌ ড্রোন ব্যবহার করে সের্গেই কোতোভ নামের জাহাজটিতে হামলা চালানো হয়েছে। এই জাহাজটির মূল্য হলো ৬ কোটি ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭০০ কোটি টাকারও বেশি)।

জাহাজটি ডুবিয়ে দেওয়ার ব্যাপারে ইউক্রেনীয় গোয়েন্দা অধিদপ্তর বলেছে, ‘রাশিয়ার আরেকটি জাহাজকে সাবমেরিনে পরিণত করা হয়েছে। আজ রাতে, গোয়েন্দা সংস্থার বিশেষ শাখা ‘গ্রুপ ১৩’ রাশিয়ার কৃষ্ণসাগর বহরের টহল জাহাজে হামলা চালিয়েছে। মাগুরা ভি৫ নৌ ড্রোন দিয়ে চালানো হামলায় রুশ জাহাজ সার্গেই কোতোভের পেছনে, ডানে এবং বামের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভালো কিছু দিয়ে দিনটি শুরু হয়েছে। অসাধারণ কাজ, যোদ্ধারা।’

Advertisement

পরবর্তীতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি ভিডিও প্রকাশ করে ইউক্রেনের এই গোয়েন্দা সংস্থা। ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ড্রোন। হামলায় পুরো জাহাজটি আলোকিত হয়ে যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাক টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়ার কৃষ্ণসাগর বহর হলো একটি দখলদারিত্বের প্রতীক। এটি ইউক্রেনের ক্রিমিয়ায় থাকতে পারবে না।’

গত মাসে ইউক্রেন ক্রিমিয়ার কাছে রাশিয়ার আরেকটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছিল। ওই হামলায়ও ব্যবহার করা হয়েছিল একটি ড্রোন। হামলায় জাহাজটি বাম অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে এটি ডুবে যায়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!