ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ১১ মার্চ ২০২৪
গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর
ছবি: সংগৃহীত

সৌদি বাদশাহ সালমান গাজায় সংঘটিত জঘন্য অপরাধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রমজান উপলক্ষে দেওয়া এক বার্তায় বাদশাহ সালমান রোববার এ আহ্বান জানান।

ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসেবে কথা বলতে গিয়ে সালমান সৌদি আরবের ওপর অর্পিত আশির্বাদের জন্যে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি গাজায় চলমান যুদ্ধ পবিত্র রমজান মাসের উপবাস ও প্রার্থনার ওপর কালো ছায়া ফেলবে বলেও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, চলতি বছর আমরা রমজান মাস আসার এ সময়ে প্রত্যক্ষ করছি গাজায় অব্যাহত আগ্রাসনের সম্মুখীন আমাদের ফিলিস্তিনি ভাইদের দুর্ভোগ, যা আমাদের হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে তুলছে।

Advertisement

বাদশাহ সালমান গাজায় নৃশংস এই অপরাধ বন্ধে এবং মানবিক ও ত্রাণ সহায়তা নিরাপদ ও নিশ্চিত করতে দায়িত্ব পালনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।

গত পাঁচমাস ধরে চলা এ হামলায় গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!