যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর সিরিয়ার রাকা প্রদেশের মরুভূমিতে গাড়িতে করে যাওয়ার সময় বোমা বিস্ফোরণে ট্রাফল সংগ্রহকারী অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বিস্ফোরণের পর হামলাকারীরা গুলিবর্ষণ শুরু করে বলেও অবজারভেটরি জানিয়েছে। গোষ্ঠীটি বলেছে, হামলার পর উগ্রবাদীরা আরো তিনজন শিকারীকে অপহরণ করেছে এবং বাসিন্দারা এখনো নিখোঁজ ওই ব্যক্তিদের সন্ধান করছেন।
.png)
এর আগে চলতি মাসের শুরুতেও মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় ইসলামিক স্টেটের হামলায় ১৯ জন নিহত হয়েছিল।
প্রসঙ্গত, মরুভূমির ট্রাফল আসলে এক ধরনের ভোজ্য ছত্রাক যা শুষ্ক এলাকায় জন্মায় এবং এটি বেশ মূল্যবান একটি খাবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশে প্রতি কেজি ট্রাফল ৩৫ মার্কিন ডলার পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে। যেখানে দেশটির মানুষের ন্যূনতম মাসিক মজুরি প্রায় ১৪ মার্কিন ডলার এবং দেশটির আনুমানিক ৯০ শতাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করে।